আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

ডিজিটাল ডেস্ক , বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে দলটির অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে সংসদ নেতা বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। এ প্রসঙ্গে তিনি প্রবাদ উল্লেখ করে বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’। সুযোগ পেলেই এই দলটির চরিত্র যে কখনোই পরিবর্তন হবে না, গত কয়েক দিনের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ওই দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি নিজেরাই প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।

বিদেশে অবস্থানরত এসব ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয়দাতাদের প্রতিও কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা এসব সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী।

তবে দেশপ্রেমিক জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি বলে মন্তব্য করেন তিনি।

ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সব গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।

তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আবারও সেই আওয়াজ তুলে বলতে চাই—‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

বাংলাদেশকে আর কখনোই কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না উল্লেখ করে সংসদ নেতা বলেন, যাদের হাতে গোলামীর জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নিয়ে অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

  • Kagojer patrika
  • আওয়ামী লীগ
  • জাতীয় সংসদ
  • তারেক রহমান
  • বাংলাদেশের রাজনীতি
  • রাজনৈতিক বক্তব্য
  • সংসদ অধিবেশন