ছবি: সংগৃহীত

ভারতের গণতন্ত্র নিয়ে ইউরোপীয় রাজনীতিকদের বক্তব্য দেওয়ার সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মিত্র ও দেশটির ক্ষমতাসীন জোটের নেতা দেবোরা বেরগামিনি। তিনি বলেছেন, ভারতের গণতন্ত্র নিয়ে ইউরোপীয় প্রতিনিধিদের নসিহত করা অনুচিত। দেশটির রাজনৈতিক বিরোধ ও বিতর্ক নিজস্ব সাংবিধানিক কাঠামোর মধ্যেই সমাধান হওয়া উচিত।
ইতালির রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার জ্যেষ্ঠ নেতা বেরগামিনি সম্প্রতি কংগ্রেস আয়োজিত ভারত সামিটে ইউরোপীয় সমাজতন্ত্রী নেতা জিয়াকোমো ফিলিবেকের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।
গত ১৪ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত ওই সম্মেলনে ফিলিবেক ভারতের গণতন্ত্র ‘আক্রমণের মুখে’ রয়েছে বলে মন্তব্য করেন। এ পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর দলের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে ভারতের ভোটার তালিকা স্বচ্ছ করার দাবিতে রাহুল গান্ধীর প্রচারণার প্রশংসা করেন ফিলিবেক। এ সময় তিনি কংগ্রেসের স্লোগান ‘ভোট চোর, গদি ছাড়’ও উচ্চারণ করেন। ইংরেজিতে স্লোগানটির অর্থ করেন ‘ভোট চোর, ক্ষমতা ছাড়ো’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে এই স্লোগান ব্যবহার করে আসছে বিরোধী দল কংগ্রেস। ফিলিবেকের ওই বক্তব্যের সময় রাহুল গান্ধীকে হাসতে ও হাততালি দিতে দেখা যায়। পরে তাঁদের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফিলিবেকের বক্তব্যের জবাবে বেরগামিনি বলেন, ভারতের নিজস্ব রাজনৈতিক প্রতিষ্ঠান ও বিচারব্যবস্থা রয়েছে। দেশটির বিপুলসংখ্যক ভোটার এবং প্রতিষ্ঠিত গণতান্ত্রিক কাঠামো রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, কোনো রাজনৈতিক বিরোধ দেখা দিলে তা দেশের গণতান্ত্রিক নিয়ম ও সাংবিধানিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই সমাধান করা উচিত।
ভারত ও ইতালির কৌশলগত অংশীদারত্বের প্রসঙ্গ টেনে বেরগামিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত।