ছবি: সংগৃহীত

ব্যাংকব্যবস্থা থেকে অর্থ পাচারের ঘটনায় বিশ্বে শীর্ষে হয়তো বাংলাদেশ থাকবে বলে ধারণা করছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে কোনো র্যাঙ্কিং নেই। তবে কাজ করতে গিয়ে ব্যাংক থেকে এভাবে অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার নজির তিনি পাননি। আইনি প্রক্রিয়ায় পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। তবে এ জন্য দীর্ঘ আইনি লড়াই করতে হবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, সহকারী মুখপাত্র ও পরিচালক সাঈদা খানম, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক সৈয়দ মাহবুবুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরহানুল গনি বলেন, দেশের ভেতরে আত্মসাৎ করা সম্পদ উদ্ধার এবং বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে। বাংলাদেশে কোনো একটি কাজ অপরাধ হিসেবে বিবেচিত হলেও বিদেশে সেটি অপরাধ নাও হতে পারে। ফলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী অপরাধ প্রমাণ করতে হবে। এ কারণে কোন দেশে অর্থ নেওয়া হয়েছে, প্রথমে তা চিহ্নিত করে এরপর সম্পদ ফ্রিজ করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের কাজ শুরু হয়। গত দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন সম্পদ পুনরুদ্ধারের কৌশল হালনাগাদ করা হচ্ছে। এ কাজে আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, প্রথম পর্যায়ে অগ্রাধিকার পাওয়া ১১টি গ্রুপের বিরুদ্ধে দেওয়ানি মামলা করার কাজ শুরু হয়। গত আগস্টে দ্বিতীয় পর্যায়ে ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে এবং অর্থ পাচারের সন্দেহ রয়েছে—এমন ৪০টি প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া হয়েছে।
বিদেশে সম্পদের সন্ধান, তা জব্দ এবং আদালতে আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে জানান ফরহানুল গনি চৌধুরী। তিনি বলেন, এ ব্যয় মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যবস্থায় ব্যাংকগুলোকে শুরুতে কোনো অর্থ দিতে হবে না। সম্পদ উদ্ধার হলে তার একটি অংশ পাবেন অর্থায়নকারী ল’ফার্মগুলো।
তিনি আরও জানান, পাচারকারীরা সব সময় আইনের ফাঁক খোঁজেন। এ কারণে সব তথ্য প্রকাশ করা নিরাপদ নয়।