মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আমৃত্যু ছিলেন আপসহীন

সাহিত্য ডেস্ক , মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

আজ ১৭ নভেম্বর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে শোষণ-বঞ্চনা, সাম্রাজ্যবাদ ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করা এই জননেতা চিরবিদায় নেন। তাঁর মৃত্যুতে শোকাহত হয়েছিল দেশের অসংখ্য মানুষ।

সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে এক নিম্নবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। শৈশবেই পিতা-মাতাকে হারিয়ে অনাথ হয়ে পড়েন তিনি। চাচার আশ্রয়ে বেড়ে ওঠা ভাসানীর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন খুব বেশি দূর এগোয়নি। প্রাথমিক শিক্ষার পর মাদ্রাসায় পড়াশোনা করেন। পরবর্তী সময়ে ভারতের দেওবন্দে শিক্ষা গ্রহণ করেন।

তবে প্রথাগত ধর্মীয় পেশায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গড়ার সংগ্রামে নিজেকে যুক্ত করেন। তাঁর নির্ভীক রাজনৈতিক অবস্থান স্থানীয় সামন্তশ্রেণি থেকে শুরু করে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধেও চ্যালেঞ্জ তৈরি করেছিল।

দেশভাগের আগে মওলানা ভাসানী আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ববাংলায় ফিরে এসে মুসলিম লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ান। তাঁর নেতৃত্বে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ। পরবর্তী সময়ে ক্ষমতাসীন মুসলিম লীগের শাসন, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন তিনি।

রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও নিজের অবস্থান থেকে সরে আসেননি ভাসানী। আন্দোলন ও সংগ্রামের মাধ্যমেই মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব বলে বিশ্বাস করতেন তিনি।

১৯৫৭ সালে ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পাকিস্তানি শাসকগোষ্ঠীর উদ্দেশে ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেন মওলানা ভাসানী। এর মধ্য দিয়ে পূর্ববাংলার মানুষের অধিকার ও পাকিস্তানি রাষ্ট্রকাঠামোর বৈষম্য নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানান মওলানা ভাসানী। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে দাঁড়াননি তিনি।

মওলানা ভাসানীর জীবনের শেষ সময় নিয়েও রয়েছে নানা স্মৃতি। অসুস্থ অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। সে সময় দেশে ধারাবাহিক সামরিক অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর রাতে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন অনুসারী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরদিন তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নেওয়া হলে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

সেদিন সকালে চলচ্চিত্রকার আলমগীর কবিরের সঙ্গে প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকাও ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। সাম্রাজ্যবাদবিরোধী অবস্থানের কারণে ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধার কথা প্রকাশ করেছিলেন তিনি।

পরে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জানাজা শেষে তাঁর মরদেহ টাঙ্গাইলের সন্তোষে নেওয়া হয়। সেখানেই তাঁকে সমাহিত করা হয়।

মওলানা ভাসানী কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং শোষণ, বৈষম্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত। শ্রেণিহীন, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বারবার উঠে আসে তাঁর রাজনৈতিক জীবন ও কর্মে।

৫০ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানীর অবদান, সংগ্রাম ও আদর্শ নিয়ে আলোচনা আজও প্রাসঙ্গিক।

  • ১৭ নভেম্বর
  • Kagojer patrika
  • আবদুল হামিদ খান ভাসানী
  • বাংলাদেশের ইতিহাস
  • ভাসানীর মৃত্যুবার্ষিকী
  • মওলানা ভাসানী
  • রাজনৈতিক ইতিহাস