মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো। ছবি: সংগৃহীত

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো মারা গেছেন। ‘বস অব বসেস’ বা সর্দারদের সর্দার নামে পরিচিত এই মাদক সম্রাটের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছিলেন গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা এবং ১৯৭০ ও ১৯৮০-এর দশকে মেক্সিকোর আধুনিক মাদক পাচার সাম্রাজ্য গড়ে তোলার অন্যতম প্রধান ব্যক্তি।
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের পুয়েন্তে গ্রান্দে কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে গুয়াদালাহারা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জালিসকো কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়।
মেক্সিকোর মাদক জগতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন ফেলিক্স গায়ার্দো। ‘জেফে দে জেফেস’ অর্থাৎ ‘বস অব বসেস’ এবং ‘এল পাদ্রিনো’ অর্থাৎ ‘দ্য গডফাদার’ নামেও পরিচিত ছিলেন তিনি।
গুয়াদালাহারা কার্টেলের মাধ্যমে মেক্সিকোর মাদক ব্যবসায় ব্যাপক প্রভাব বিস্তার করেন ফেলিক্স গায়ার্দো। তার সংগঠন কলম্বিয়ার মাদক পাচারকারীদের সঙ্গে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের বড় বড় রুট প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মাদক বাণিজ্যের নেটওয়ার্ক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মৃত্যুর সময় ফেলিক্স গায়ার্দো মোট ৭৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। দুটি পৃথক মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছিল।
মাদক পাচার ও অস্ত্রসংক্রান্ত অপরাধে তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তা এনরিক ‘কিকি’ কামারেনা এবং মেক্সিকোর পাইলট আলফ্রেডো জাভালা আভেলারকে অপহরণ ও হত্যার ঘটনায় আরও ৩৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
১৯৮৯ সালের এপ্রিল থেকে কারাবন্দি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তার আইনজীবীরা শারীরিক অসুস্থতা ও বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে কারাগার থেকে গৃহবন্দি রাখার অনুমতি পেতে আইনি লড়াই চালিয়ে আসছিলেন।
আইনজীবীদের যুক্তি ছিল, বয়সের ভার এবং ক্রমাগত শারীরিক অবনতির কারণে কারাগারে থাকা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও চলাফেরার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।
২০২২ সালের সেপ্টেম্বরে মেক্সিকোর একজন ফেডারেল বিচারক ফেলিক্স গায়ার্দোকে গৃহবন্দি রাখার আবেদন মঞ্জুর করেন। তবে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ওই আদেশের বিরুদ্ধে আপত্তি জানায়। ফলে শেষ পর্যন্ত কারাগার থেকে গৃহবন্দি হওয়ার সুযোগ পাননি তিনি।
একসময় আন্তর্জাতিক মাদক পাচার সাম্রাজ্যের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন ফেলিক্স গায়ার্দো। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারেই বন্দি থাকতে হয়েছে মেক্সিকোর এই আলোচিত মাদকসম্রাটকে।