ছবি: সংগৃহীত

ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি। অপু বিশ্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষপূর্ণ পোস্ট দিয়েছেন পরীমনি। পরে সাংবাদিকদের সামনে পাল্টা জবাব দিয়েছেন অপু বিশ্বাসও।
সম্প্রতি অপু বিশ্বাস এক বক্তব্যে বলেন, লাইভে কোনো পণ্যের প্রচার করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি।
নিজের পোস্টে প্রথমে অপু বিশ্বাসকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি লাইভে পণ্যের প্রচার করা ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে অপুর আপত্তির বিষয়েও প্রশ্ন তোলেন।
তবে একপর্যায়ে পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে রূপ নেয়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন পরীমনি। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরি করার কথাও লেখেন তিনি।
গতকাল রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমনির পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। এ সময় পরীমনির সিনেমার সাফল্য নিয়ে মন্তব্য করেন তিনি।
অপু বিশ্বাসের দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। এরপর তিনি বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন অপু। জানান, তিনি ফেসবুকে খুব বেশি সক্রিয় নন। পরিচিতজন ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন।
তাকে নিয়ে অন্যদের পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
এর আগেও অপু বিশ্বাসকে ঘিরে পরীমনির সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট আলোচনায় এসেছিল। গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশগ্রহণের পর ওই পোস্ট দেন পরীমনি।
সেখানে তিনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ পাশাপাশি ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেন। যদিও সেবারও সরাসরি অপুর নাম উল্লেখ করেননি তিনি।
সব মিলিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে শুরু হওয়া মন্তব্য-পাল্টা মন্তব্যে আবারও আলোচনায় এসেছেন ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই বাক্বিতণ্ডা নিয়ে বিনোদন অঙ্গনে চলছে আলোচনা।