ছবি: সংগৃহীত

কুমিল্লা ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে পরিবেশ বিপর্যয়, কৃষি ও জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে সংসদ থেকে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন এই সংসদ সদস্য।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মনিরুল হক চৌধুরী।
সংসদে গোমতী নদীর ভাঙন ও বন্যা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গোমতী নদীর দুই পাড়ে চর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন এবং পরিবহনের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে নদীভাঙন ও বন্যায় দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
তিনি বলেন, পানিসম্পদমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগে অবৈধ বালু উত্তোলন বন্ধের কথা জানিয়েছেন।
মনিরুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও গোমতী নদীর দুই পাড়ের সমস্যার স্থায়ী সমাধান হয়নি। লাখ লাখ মানুষ বাড়িঘর হারিয়েছেন। গোমতী কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও দীর্ঘদিনের দুঃখের প্রতীক হয়ে রয়েছে।
তিনি বলেন, চীনের হোয়াংহো নদীর সমস্যার সমাধান হলেও গোমতী নদীর সমস্যার সমাধান হয়নি। একজন মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এলাকার মানুষ সমস্যার সমাধানের আশা করেছিলেন। কিন্তু এ বিষয়ে দেওয়া জবাবকে তিনি দায়সারা বলে মন্তব্য করেন।
বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী বন্যা সেচ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ত্রিপুরা পাহাড় থেকে ১৩টি নদী দিয়ে বৃষ্টির পানি নেমে পরদিনই এ অঞ্চলে প্রবেশ করে। কিন্তু পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়।
তিনি আরও বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ব্যক্তিগতভাবে এলাকা পরিদর্শন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্প বাস্তবায়নের পর প্রায় ১৫ বছর বন্যার বড় সমস্যা ছিল না বলে দাবি করেন তিনি। তবে পরবর্তী সময়ে নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে।
কুমিল্লার উন্নয়ন ও নদী ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গোমতী নদী কুমিল্লার ইতিহাস ও সংস্কৃতির অংশ হলেও এখনো নদীটির সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। একসময় গোমতী নদী পর্যন্ত নৌবন্দর সম্প্রসারণের প্রকল্প নেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়।
কুমিল্লা ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, ইপিজেডের বর্জ্য গোমতী নদী ভরাট হয়ে যাওয়ার পর স্থানীয় খালে ফেলা হচ্ছে। এ কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে এ বিষয়ে ১৩টি প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশও দিয়েছে বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে এলাকার মানুষকে রক্ষার আবেদন জানালেও কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য।
ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের প্রায় পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে এবং এক লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলেও দাবি করেন মনিরুল হক চৌধুরী। তার অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের পাশাপাশি প্রাকৃতিক খালে বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে।
তিনি বলেন, ওই অঞ্চলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর সংখ্যা কমে গেছে। দূষিত পানির কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং পানিতে নামলে মানুষের পায়ে পচন ধরছে বলে অভিযোগ করেন তিনি।
নিজের বক্তব্যের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ইপিজেডের বর্জ্য যেখানে ফেলা হয়, সেই খালের পাড়ে কেউ আধা ঘণ্টা অবস্থান করতে পারলে এবং তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তিনি সব বক্তব্য প্রত্যাহার করবেন। প্রয়োজনে সংসদ থেকেও পদত্যাগ করবেন।
তিনি আরও বলেন, বিষাক্ত বর্জ্যের প্রভাব দক্ষিণ কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে সীমান্তবর্তী এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই দূষণ মেঘনা নদীতেও পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
দক্ষিণ কুমিল্লা ও উত্তর নোয়াখালীর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, প্রকল্পে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, গত ২০ বছরে এ অঞ্চলের মানুষের সঙ্গে যা ঘটেছে, তার সমাধানে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। কুমিল্লা ও নোয়াখালীর মানুষের দুর্ভোগ দূর করতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তিনি আরও জানান, এ বিষয়ে হাইকোর্ট ও পরিবেশ আদালতের রায় তাদের পক্ষে রয়েছে বলে দাবি করেছেন। তবে সেসব রায় বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। বক্তব্যের উত্তেজনার জন্য ক্ষমা চেয়ে প্রয়োজনীয় সব তথ্য ও নথি তদন্তের জন্য জমা দিতে প্রস্তুত বলেও জানান এই সংসদ সদস্য।