ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্তের নুনছড়া চা বাগান এলাকা থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ নভেম্বর) ভোরে বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে।
তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা বিস্ফোরকের গায়ে ‘হাই পাওয়ার ইমালশন এক্সপ্লোসিভস’ লেখা রয়েছে। এগুলো উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। পাশাপাশি উদ্ধার করা ডেটোনেটর ও ফিউজ বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত হয়।
শনিবার বিকেলে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম।
তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধে সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে নুনছড়া চা বাগানের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া প্রতিদিন ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্টও সচল রাখা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।