ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোরে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), মো. জাহিদ (২৬) ও গোলাম রাব্বি (২২)।
সোমবার দুপুরে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি সমকালকে বলেন, ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিছিলের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।