তারাগঞ্জে বাসভাড়া নিয়ে তর্ক, যাত্রীকে বাস থেকে ফেলে ২ জন নিহত

নিজেস্ব প্রতিবেদক , সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে তর্কের জেরে তিন যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী জেলার চড়াইখোলা বসুনিয়াপাড়ার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকির বসুনিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসে ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে হেলপার ও সুপারভাইজার মিলে তিন যাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। তারা সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত দুজনের মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামীমের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা তাপস রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, জিগাতলায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বাসটি ঘটনাস্থলে ফেলে রেখে হেলপার, চালক ও সুপারভাইজার পালিয়ে গেছেন বলে জানা গেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

  • Kagojer patrika
  • তারাগঞ্জ বাস দুর্ঘটনা
  • বাংলাদেশ নিউজ
  • বাস থেকে যাত্রী ফেলে হত্যা
  • বাসভাড়া নিয়ে বিরোধ
  • রংপুরের খবর
  • সড়ক দুর্ঘটনা