মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার কয়েক ঘণ্টা পর এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। নিহত যুবকের নাম মেহেদী হাসান (৩১)। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটির সদস্য ছিলেন। একই এলাকার বাসিন্দা সুরুজ্জামান আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বের হয়েছিলেন সুরুজ্জামান। মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বুকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুরুজ্জামানের বড় ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার বলেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।
সুরুজ্জামানের চাচাতো ভাই সাদেক হোসেনের অভিযোগ, জাহাঙ্গীর আলম ও তার ভাই মেহেদী হাসান মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
নিহত মেহেদী হাসান বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহাঙ্গীরের নেতৃত্বেই সুরুজ্জামানকে হত্যা করা হয়েছে।
সুরুজ্জামান হত্যার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পরে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদী হাসানকে ধরে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, একই ঘটনায় পাল্টাপাল্টি হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।