ডি-ক্যাটাগরি ইনকোটার্মসে আমদানির চার্জ পরিশোধে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

অর্থনীতি ডেস্ক , সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় আমদানির ক্ষেত্রে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণ করে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএপি, ডিপিইউ ও ডিডিপি শর্তে আমদানির ক্ষেত্রে এসব চার্জ পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সোমবার এ নির্দেশনা জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, আমদানি কার্যক্রম শুরু করার আগে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট আমদানি চুক্তিতে এফওবি মূল্য, পরিবহন ভাড়া, বিমা এবং প্রযোজ্য গন্তব্য-সংশ্লিষ্ট সব চার্জ পৃথকভাবে উল্লেখ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, এডি ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর অনুকূলে আমদানি মূল্য থেকে পৃথকভাবে চিহ্নিত গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে যথাযথ অনুমোদন ও প্রয়োজনীয় সহায়ক দলিলের ভিত্তিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের অর্থ বাংলাদেশে মনোনীত সুবিধাভোগী বা সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুকূলে পরিশোধ করা যাবে।

বিকল্প ব্যবস্থায় বিদেশি সরবরাহকারী সম্পূর্ণ আমদানি মূল্য গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের অর্থ বাংলাদেশে ফেরত আনতে হবে। এ ক্ষেত্রে মনোনীত সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যয় নির্বাহের আগে অথবা আমদানি মূল্য পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে, যেটি আগে ঘটে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রত্যাবাসন করতে হবে।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রত্যাবাসন, সংশ্লিষ্ট আমদানি লেনদেনের সঙ্গে অর্থের যথাযথ সংযোগ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় দলিলপত্র সংরক্ষণের জন্য এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, আমদানি মূল্যের অন্তর্ভুক্ত গন্তব্য-সংশ্লিষ্ট কোনো চার্জই ব্যাংকিং চ্যানেলের বাইরে নিষ্পত্তি করা যাবে না।

শিল্পসংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় আমদানি কার্যক্রমে আরও শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। পাশাপাশি আমদানি ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সংশ্লিষ্ট অর্থের সঠিক ব্যবস্থাপনাও সহজ হবে।

  • Kagojer patrika
  • আমদানি নীতিমালা
  • ডি-ক্যাটাগরি ইনকোটার্মস
  • ডিএপি
  • ডিডিপি
  • ডিপিইউ
  • বাংলাদেশ ব্যাংক