জলবায়ু খাতে সরকারের অর্জন তুলে ধরা হবে সুনির্দিষ্ট পরিসংখ্যানে: সাইমুম পারভেজ

ডিজিটাল ডেস্ক , সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে এক অনুষ্ঠানে ড. সাইমুম পারভেজ

জলবায়ু খাতে সরকারের উদ্যোগ ও অর্জন সুনির্দিষ্ট সংখ্যা এবং পরিমাপযোগ্য ফলাফলের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেছেন, বর্তমান সরকার বাস্তব পরিবর্তন আনতে এবং প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ড. সাইমুম পারভেজ বলেন, অতীতে জলবায়ু খাত নিয়ে অনেক আলোচনা ও প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। বর্তমান সরকার এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের লক্ষ্য এমন ফলাফল অর্জন করা, যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে এবং সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জলবায়ু খাতে কী ধরনের পরিবর্তন এসেছে এবং কতটুকু অগ্রগতি হয়েছে, তার সুস্পষ্ট হিসাব জনগণকে দিতে চায় সরকার। এ লক্ষ্যেই নিরলসভাবে কাজ চলছে, যাতে পাঁচ বছর পর জনগণ পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন এবং সেই মূল্যায়নের ভিত্তিতে আবারও ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেন।

বক্তব্যে তিনি স্থানীয় জনগোষ্ঠীর চাহিদাভিত্তিক অভিযোজন, কার্যকর জলবায়ু অর্থায়ন এবং টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের সহনশীলতা বাড়াতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে অর্থায়ন ও বিনিয়োগের সংযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি মনে করেন, জলবায়ু মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়িত উদ্যোগের পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

  • Kagojer patrika
  • কপ৩১ সম্মেলন
  • জলবায়ু অর্থায়ন
  • জলবায়ু পরিবর্তন
  • বাংলাদেশ প্যাভিলিয়ন
  • বাংলাদেশ সরকার
  • সাইমুম পারভেজ