বিটিএস তারকা জিমিন পরিচয়ে প্রেমের ফাঁদ, ব্রাজিলের নারীর ৬১ লাখ টাকা খোয়া

আন্তর্জাতিক ডেস্ক , সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীত দল বিটিএসের সদস্য জিমিনের পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল এক প্রতারক। সেই প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৬১ লাখ টাকা হারিয়েছেন ব্রাজিলের ৬৮ বছর বয়সী এক নারী।

ব্রাজিলের সংবাদমাধ্যম ডায়েরিও দে পেরনামবুকোর বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির আরেক সংবাদমাধ্যম ইমিরান্তে।

প্রতিবেদন অনুযায়ী, সাও পাওলোর বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত নারী প্রায় চার মাস ধরে অনলাইনে কথিত জিমিনের সঙ্গে যোগাযোগ রাখেন। এ সময় তাকে নিয়মিত ভালোবাসার বার্তা পাঠানো হতো। পাশাপাশি দামি উপহার পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করে প্রতারক।

একপর্যায়ে উপহার পাঠানোর কথা বলে নতুন কৌশল নেয় সে। ওই নারীকে জানানো হয়, তার জন্য পাঠানো উপহার ব্রাজিলের শুল্ক বিভাগে আটকে গেছে। সেগুলো ছাড়িয়ে নিতে শুল্ক বাবদ অর্থ দিতে হবে। এই অজুহাতে কয়েক দফায় টাকা আদায় করে প্রতারক।

উপহার পাওয়ার আশায় ওই নারী নিজের সঞ্চয়ের পাশাপাশি ব্যাংক থেকেও ঋণ নেন। সব মিলিয়ে তার কাছ থেকে প্রায় ৩ লাখ ব্রাজিলীয় রিয়াল হাতিয়ে নেওয়া হয়। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫২ থেকে ৫৬ হাজার ডলার।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পরে ওই নারী ভুয়া অ্যাকাউন্টটি ব্লক করে পুলিশের কাছে অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে সাও পাওলোর সিভিল পুলিশ। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি পুরো চক্রের সন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে প্রতারক কোন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেছিল, তা প্রকাশ করা হয়নি। একই সঙ্গে জিমিন কিংবা তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে ওই অ্যাকাউন্টের কোনো সম্পর্ক থাকার প্রমাণও পাওয়া যায়নি।

ব্রাজিলে কে-পপের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভক্তদের প্রতারণার ঘটনা নতুন নয়। ভুয়া কোরীয় ভ্রমণ প্যাকেজ, নকল কে-পপ পণ্য বিক্রি এবং তারকা পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে।

এ ধরনের অপরাধ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামোতে সম্মত হয় দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের পুলিশ।

এর আগেও ব্রাজিলে কোরীয় অভিনেতা পার্ক বো-গামের পরিচয় ব্যবহার করে এক ভক্তকে প্রতারণার চেষ্টা করা হয়েছিল। এ ছাড়া ব্রাসিলিয়ার কাছাকাছি এলাকায় ৬৯ বছর বয়সী এক নারী ইলন মাস্কের পরিচয় দেওয়া এক প্রতারকের খপ্পরে পড়ে অর্থ হারান।

সম্প্রতি ২৮, ৩০ ও ৩১ অক্টোবর সাও পাওলোতে তিনটি কনসার্টে অংশ নেয় বিটিএস। তবে ওই কনসার্টগুলোর সঙ্গে এই প্রতারণার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

  • Kagojer patrika
  • অনলাইন প্রতারণা
  • কে-পপ
  • জিমিন
  • বিটিএস
  • ব্রাজিল
  • সেলিব্রিটি স্ক্যাম