মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক। ছবি: সংগৃহীত

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান। এবার ওই দুই কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে প্রকাশ্যে হুমকি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুই মার্কিন কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে এই হুমকি দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মিনাবের ওই প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ১৬৮ শিশু নিহত হয়। এ ঘটনায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ককে দায়ী করছে ইরান।
গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে ইরানি দূতাবাস লিখেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
এর আগে গত ২৮ মার্চও এই দুই কর্মকর্তাকে উদ্দেশ করে পোস্ট দিয়েছিল ইরানি দূতাবাস। সে সময় তাদের বিরুদ্ধে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানা টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়।
ওই পোস্টে দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন।’ পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছিল, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’
এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানসহ বিভিন্ন যুদ্ধকালীন কার্যক্রম শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বন্দরে ফিরেছে ইউএসএস স্প্রুয়েন্স। এর মধ্য দিয়ে জাহাজটির ৩৫৭ দিনের দীর্ঘ মোতায়েনকাল শেষ হয়েছে।
দুই মার্কিন কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে ইরানের এমন হুমকিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (এফডিডি) জ্যেষ্ঠ গবেষক বেহনাম বেন তালেব্লু ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ইরানের এই হুমকিকে ওয়াশিংটনের জন্য গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।
তিনি বলেন, ‘এটি হোয়াইট হাউস, পেন্টাগন এমনকি সেন্টকমের জন্যও সতর্কসংকেত হওয়া উচিত।’
তালেব্লুর ভাষ্য, ইরান এমন কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তাকে শনাক্ত করেছে, যাদের বিরুদ্ধে দেশটির ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার কথাও বলছে তেহরান।
তিনি আরও বলেন, ‘সত্যিই যদি এসব কর্মকর্তার ওপর হামলার কোনো পরিকল্পনা থাকে, তাহলে তা শনাক্ত, প্রতিহত ও ব্যর্থ করে দেওয়া অত্যন্ত জরুরি।’
তথ্যসূত্র: ফক্স নিউজ।