ছবি: সংগৃহীত

গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার (১৫ নভেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বলাকা এক্সপ্রেসের ইঞ্জিনের সহায়তায় বিকল ট্রেনটি সরিয়ে নেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার মাহমুদুল হাসান জানান, রোববার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজারগামী জামালপুর কমিউটার-৫১ ট্রেনটি ছেড়ে যায়। জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়লে ওই পথে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, এ সময় জারিয়া-ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটিও ওই এলাকায় আটকা পড়ে। পরে বলাকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে এনে বিকল জামালপুর কমিউটার-৫১ ট্রেনটিকে সরিয়ে রেললাইন সচল করা হয়। এরপর বলাকা এক্সপ্রেস তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
ইঞ্জিন বিকলের কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের সাময়িক দুর্ভোগে পড়তে হয়।