ছবি: সংগৃহীত

যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন উৎপাদনের খরচ প্রকাশ করেছে তেহরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, প্রতিটি শাহেদ-১৩৬ ড্রোন তৈরি করতে সর্বোচ্চ ২০ হাজার ডলার খরচ হয়।
রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাহেদ-১৩৬ এক ধরনের আত্মঘাতী বা একমুখী ড্রোন। এটি আগে থেকে নির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোনের মতো এটি অভিযান শেষে ফিরে আসে না।
২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শাহেদ-১৩৬ ড্রোন উন্মোচন করা হয়। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন এবং পেছনে সংযুক্ত প্রপেলার। বাণিজ্যিকভাবে সহজলভ্য ও তুলনামূলক কম দামের যন্ত্রাংশ ব্যবহারের কারণে ড্রোনটির উৎপাদন খরচ কম রাখা সম্ভব হয়েছে বলে ধারণা করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৫ মিটার এবং ডানার বিস্তার আনুমানিক ২ দশমিক ৫ থেকে ৩ মিটার।
ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর কার্যক্ষমতার পাল্লা ১ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত। এতে আনুমানিক ২০ থেকে ৫০ কেজি বিস্ফোরক বহন করা সম্ভব বলে ধারণা করা হয়।
নির্দিষ্ট লক্ষ্যবস্তুর স্থানাঙ্কে পৌঁছাতে শাহেদ-১৩৬ ড্রোনে জড়তাভিত্তিক ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। এর পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।
তবে ড্রোনটির বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে। ফলে সংস্করণভেদে এর কারিগরি বৈশিষ্ট্য ও সক্ষমতায় কিছুটা পার্থক্য থাকতে পারে।