নেতানিয়াহুর প্রতিশ্রুতি পূরণ হয়নি, গাজায় প্রাণহানি নিয়ে হতাশ ছিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক , রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি বারবার দিয়েও তা বাস্তবায়ন করেননি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর মতে, নেতানিয়াহুর তাৎক্ষণিক রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি পরিণতি বিবেচনা না করার প্রবণতায় তিনি ক্রমেই হতাশ হয়ে পড়েছিলেন।

রোববার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বাইডেনের আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে এসব কথা উঠে এসেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানের মানবিক পরিণতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বারবার আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন। আগামী ১৭ নভেম্বর বইটি প্রকাশের কথা রয়েছে। এরই মধ্যে শুক্রবার সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বইটির কিছু অংশ প্রকাশিত হয়েছে।

বাইডেন লিখেছেন, গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি এবং যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত হচ্ছে—এ বিষয়টি নেতানিয়াহু স্বীকার করতেন। তবে বেসামরিক মানুষের সুরক্ষায় আরও সতর্কতা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

বাইডেনের ভাষায়, ‘বিবি (নেতানিয়াহু) এমন প্রতিশ্রুতি দিতে কখনো দ্বিধা করতেন না, যেগুলো পূরণ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটিই তাঁর ছিল না।’

স্মৃতিকথায় বাইডেন জানান, ৭ অক্টোবর হামাসের হামলায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন ‘চূর্ণবিচূর্ণ’ হয়ে যায়। ওই দিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক দফা ফোনে কথা বলেন তিনি। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কথা ইসরাইলি প্রধানমন্ত্রীকে জানাতে চেয়েছিলেন।

বাইডেন লিখেছেন, ‘আমি তাঁকে জানাতে চেয়েছিলাম, এমন দিন যেন আর কখনো ফিরে না আসে, তা নিশ্চিত করতে আমি কতটা দৃঢ়প্রতিজ্ঞ।’

হামাসের হামলার জবাব দিতে ইসরাইলের সংকল্প তিনি বুঝতে পারলেও সংঘাতের শুরু থেকেই লড়াইয়ের মধ্যে আটকে পড়া বেসামরিক মানুষের সুরক্ষায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন বাইডেন।

তিনি লিখেছেন, ‘সংঘাতের শুরু থেকেই বেসামরিক মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার জন্য আমি ইসরাইলকে বলে আসছিলাম। বিবির সঙ্গে ব্যক্তিগত আলোচনায় বহুবার এসব উদ্বেগ জানিয়েছি। তিনি স্বীকার করেছিলেন, ক্রমবর্ধমান প্রাণহানি ইসরাইলের ভাবমূর্তি এবং যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থনের ক্ষতি করছে।’

তবে বাইডেনের অভিযোগ, নেতানিয়াহু বারবার প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তব পদক্ষেপে রূপ নেয়নি। তাঁর ভাষায়, নেতানিয়াহু আরও সতর্কতা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরই নতুন করে আগ্রাসী অভিযান চালানো হতো, যাতে আরও বেসামরিক মানুষ নিহত হতেন। এ বিষয়ে প্রশ্ন তোলা হলে ইসরাইলের পক্ষ থেকে বিভিন্ন ব্যাখ্যা বা অজুহাত দেওয়া হতো বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহু যে কঠিন রাজনৈতিক চাপের মধ্যে কাজ করছিলেন, তা বুঝলেও স্বল্পমেয়াদি রাজনৈতিক প্রয়োজনের পরিবর্তে রাষ্ট্রনায়ক হিসেবে ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় তাঁর ব্যর্থতা বাইডেনকে হতাশ করেছিল।

গাজা নিয়ে মতবিরোধের বাইরেও দুই নেতার মধ্যে আস্থার সংকট ছিল বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন বাইডেন। তিনি লিখেছেন, ‘আমাদের মধ্যে খুব বেশি আস্থা ছিল না। আমরা একে অপরের সঙ্গে সরাসরি কথা বলতে পারতাম, কিন্তু বিশ্বাসের জায়গাটি শক্ত ছিল না।’

এ ছাড়া নেতানিয়াহুর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু প্রবণতা ছিল বলেও উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু তথ্য-প্রমাণ নিজের মতো করে উপস্থাপন করতে পারতেন এবং ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতেও দ্বিধা করতেন না।

  • Kagojer patrika
  • ইসরাইল
  • গাজা যুদ্ধ
  • জো বাইডেন
  • বেনিয়ামিন নেতানিয়াহু
  • যুক্তরাষ্ট্র
  • হামাস