শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি: সংসদে রুমিন ফারহানা

ডিজিটাল ডেস্ক , রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবস্থান না করলেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর মতে, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’। ঠিক তেমনিভাবে শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা তার সর্বশেষ উদাহরণ।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যেও অসংগতি রয়েছে বলে দাবি করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা গত ৯ নভেম্বর জানিয়েছিলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাঁকে ফিরিয়ে আনা হোক—সরকার তাঁকে দেশে আসতে বাধা দিতে চায় না। ওই উপদেষ্টা আরও বলেছিলেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। এ কারণে তাঁর পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছিলেন তিনি।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। গত ৯ নভেম্বর তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে অন্য এক বক্তব্যে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, গত ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আবেদনের সত্যতা তখনো যাচাই করা হয়নি। আইনগত ভিত্তি পর্যালোচনা করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সরকার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন সিদ্ধান্ত ভারতের হাতে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেছেন।

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এসব বক্তব্যে স্পষ্ট অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, একদিকে উপদেষ্টা পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন যাচাই না হওয়ার কথা বললেও একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।

  • Kagojer patrika
  • জাতীয় সংসদ
  • পাসপোর্ট
  • বাংলাদেশ রাজনীতি
  • রুমিন ফারহানা
  • শেখ হাসিনা
  • শেখ হাসিনার প্রত্যাবর্তন