নতুন ঘরের স্বপ্নে জমেছিল ৮৮ হাজার টাকা, বিকাশ প্রতারণায় সব হারালেন বৃদ্ধ

নিজেস্ব প্রতিবেদক , বুধবার, ১১ নভেম্বর, ২০২৬






                                        
                                       
চিরকুমার মোসলেহ উদ্দিন

নতুন একটি শক্ত ঘরে জীবনের শেষ দিনগুলো কাটানোর স্বপ্ন দেখেছিলেন আশি ছুঁইছুঁই মোসলেহ উদ্দিন। মানুষের মানবিক সহায়তায় বিকাশ অ্যাকাউন্টে জমেছিল প্রায় লাখ টাকা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই প্রতারণার শিকার হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বিকাশ অ্যাকাউন্ট থেকে ৮৮ হাজার ৭৬০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

এ ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের মৃত রহিম উদ্দিন সরকারের ছেলে মোসলেহ উদ্দিন গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১১ নভেম্বর) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইবার প্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত এবং হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, মোসলেহ উদ্দিনের বসবাসের ঘরটি প্রায় ৫৫ বছরের পুরোনো। টিনের চালের বিভিন্ন স্থানে বস্তা ও পলিথিন দিয়ে ঢেকে রাখায় ঘরটি অনেকটা ঝুপড়িতে পরিণত হয়েছে। বৃষ্টি কিংবা রোদ থেকে ঘরটি ঠিকমতো সুরক্ষা দিতে পারে না।

১৯৬৭ সালে এসএসসি, ১৯৭৪ সালে এইচএসসি এবং ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করলেও জীবনে চাকরি জোটেনি তাঁর। অভাব-অনটনের কারণে বিয়ের স্বপ্নও ছেড়ে দেন। চিরকুমার মোসলেহ উদ্দিনের শেষ ইচ্ছা ছিল, জীবনের শেষ নিঃশ্বাস যেন একটি শক্ত ঘরে শান্তিতে ত্যাগ করতে পারেন।

পত্রিকা ও অনলাইনে তাঁর দুর্দশার খবর প্রকাশিত হলে অনেকেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তাঁদের দেওয়া অর্থে বিকাশ অ্যাকাউন্টে প্রায় এক লাখ টাকা জমা হয়। সেই টাকা দিয়ে বর্ষা শেষ হলে নতুন টিন ও ইট কেনার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই প্রতারণার শিকার হন।

মোসলেহ উদ্দিন জানান, মঙ্গলবার নিজের বিকাশ নম্বর ০১৩১২-১৫১৭১৫ পরীক্ষা করে দেখেন, অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরে জানতে পারেন, গত ১৮ অক্টোবর দুপুরে প্রতারক চক্র তাঁর অ্যাকাউন্টের গোপন নম্বর বা পিন হাতিয়ে নিয়ে ৮৮ হাজার ৭৬০ টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বিকাশ সেন্টারেও অভিযোগ করেছেন তিনি। তবে এখন পর্যন্ত বিকাশ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর পাননি বলে দাবি করেন মোসলেহ উদ্দিন।

ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘আমাকে মানুষ দান করেছিল, এই ভিক্ষার টাকাও চুরি হয়ে গেল!’

মানুষের সহায়তায় গড়ে ওঠা নতুন ঘরের স্বপ্ন এখন অনিশ্চয়তায় পড়েছে। প্রতারণার শিকার মোসলেহ উদ্দিনের টাকা উদ্ধার এবং তাঁর শেষ ইচ্ছা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তিনি।

  • Kagojer patrika
  • গৌরীপুর
  • প্রতারণা
  • বিকাশ প্রতারণা
  • ময়মনসিংহ
  • মোসলেহ উদ্দিন
  • সাইবার অপরাধ