২০২৭ সালের জুন থেকে রাজধানীর ১৩টি এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা নিয়েছে ঢাকা ওয়াসা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপ চালু হলে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এতে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যেসব এলাকায় পানি সরবরাহ করা হবে, সেগুলো হলো—বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুরের আংশিক এলাকা, উত্তরা ও মিরপুর ডিওএইচএস।
ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে এই পানি শোধনাগার। প্রকল্পটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলে নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ বাড়বে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম ধাপ চালু হলে মেঘনা নদীর পানি শোধন করে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। দুই ধাপ মিলিয়ে দৈনিক পানি সরবরাহের সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর বিপরীতে ভূগর্ভস্থ ও উপরিভাগের উৎস থেকে ঢাকা ওয়াসা প্রতিদিন ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পানি সরবরাহ করে। ফলে প্রতিদিনই পানির ঘাটতি থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার পানির চাহিদা বিবেচনায় গন্ধর্বপুর প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি চালু হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাওয়া যাবে।
ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের পানির চাহিদা পূরণে ভূগর্ভস্থ পানির ব্যবহার ৩০ শতাংশের মধ্যে থাকা উচিত। অথচ ঢাকা শহরে ভূগর্ভস্থ পানির ব্যবহার ৭৪ শতাংশ। অন্যদিকে উপরিভাগের পানির ব্যবহার মাত্র ২৪ শতাংশ। এ পরিস্থিতি পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ জানান, প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হবে। পানি সরবরাহ শুরু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। পাশাপাশি কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে, যা ভূগর্ভস্থ পানির স্তরের ওপর চাপ কমাতে সহায়তা করবে।
ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কাজের বড় একটি অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
গন্ধর্বপুর পানি শোধনাগারের দুই ধাপের কার্যক্রম পুরোপুরি চালু হলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি মেঘনা নদীর পানি ব্যবহারের মাধ্যমে টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।