কোস্টারিকার সারদিনাল শহরের একটি সাধারণ কাঠের বাড়িতে নাতনির সঙ্গে শান্ত জীবন কাটাচ্ছেন হোসে ফ্লোরেস। পরিবারের সদস্যদের দাবি এবং সরকারি নথি অনুযায়ী, তার বয়স এখন ১১৯ বছর।
তবে আন্তর্জাতিকভাবে তার জন্মতারিখ যাচাই হয়ে গেলে তবেই বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়ার সুযোগ রয়েছে। চূড়ান্ত স্বীকৃতির আগে তার বয়স ও জন্মতারিখের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক নথিপত্র যাচাই-বাছাই করছেন বিশেষজ্ঞরা।
কোস্টারিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে গাড়িতে প্রায় ২০ মিনিটের দূরত্বে সারদিনাল শহরের অবস্থান। শহরটি নিকোয়া উপদ্বীপে অবস্থিত। নিকোয়া বিশ্বের পাঁচটি ‘ব্লু জোন’-এর একটি হিসেবে পরিচিত। এসব অঞ্চলে তুলনামূলকভাবে দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের প্রবণতা এবং শতায়ু মানুষের সংখ্যা বেশি দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, এ অঞ্চলের মানুষের দীর্ঘায়ুর পেছনে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামসমৃদ্ধ পানি, ভুট্টা ও শিমভিত্তিক খাদ্যাভ্যাস, নিয়মিত কায়িক শ্রম এবং পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে দৃঢ় সামাজিক বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমানে দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে, পরিবারের তৈরি খাবার খেয়ে এবং নাতনির সঙ্গে হাত মেলানোর খেলায় সময় কাটে হোসের। দীর্ঘ কর্মজীবন ও গ্রামীণ জীবনের পর এখন অনেকটাই শান্তিতে দিন কাটাচ্ছেন তিনি।
হোসের দেখভালের দায়িত্বে থাকা নাতনি হেলেন ফ্লোরেস জানান, তার দাদা সারা জীবন গ্রামাঞ্চলে কঠোর পরিশ্রম করেছেন। এখন তিনি শান্তি ও আনন্দের মধ্যেই সময় কাটাচ্ছেন। মাঝেমধ্যে অতীত জীবনের গল্প বলেন, রসিকতা করেন এবং দীর্ঘ জীবনের অন্যতম রহস্য হিসেবে পরিবারের ভালোবাসার কথা উল্লেখ করেন।
হেলেনের মতে, ভালোবাসা, স্নেহ ও যত্ন ছাড়া তার দাদা এত দীর্ঘ জীবন পেতেন না।
নিকোয়া ব্লু জোন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হোর্হে ভিনদাসের মতে, দীর্ঘায়ুর পেছনে পারিবারিক ও সামাজিক বন্ধন, আধ্যাত্মিকতা, ধর্মীয় বিশ্বাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুলনামূলক শান্ত ও কম চাপের জীবনযাপনও দীর্ঘায়ুর অন্যতম কারণ হতে পারে।
হোসের পরিচয়পত্র অনুযায়ী, তিনি ১৯০৭ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন। তার জন্মসনদ, বাপ্তিস্মের সনদ এবং পরবর্তী জীবনের বিভিন্ন নথিও রয়েছে। এখন এসব নথি আন্তর্জাতিক সংস্থা ও গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।
স্বীকৃতি পেলে বিষয়টি পরিবার ও পুরো কোস্টারিকার জন্য গর্বের হবে বলে মনে করেন হেলেন। হোসের পরিবারও বেশ বড়। তার আট সন্তান, ২৩ নাতি-নাতনি, ২৫ প্রপৌত্র-প্রপৌত্রী এবং একজন প্রপৌত্রী রয়েছেন।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে ব্রিটিশ নাগরিক এথেল ক্যাথারিনের নাম স্বীকৃত বলে উল্লেখ করা হয়েছে। ১৯০৯ সালের ২১ আগস্ট ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে জন্ম নেওয়া এথেল ২০২৬ সালে ১১৭ বছরে পা দিয়েছেন।
তবে হোসে ফ্লোরেসের জন্মতারিখ ও বয়স আন্তর্জাতিকভাবে যাচাই হয়ে গেলে বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি হিসেবে নতুন রেকর্ডের সম্ভাবনা তৈরি হতে পারে। এখন সেই যাচাই প্রক্রিয়ার ফলাফলের দিকেই নজর সংশ্লিষ্টদের।