বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া এসব কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। তাদের কাছে ব্যাংকের প্রাপ্য ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার পরিশোধ করেছে।
সব উপজেলার কৃষক সুবিধা পেয়েছেন
অর্থমন্ত্রী বলেন, ঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের সব উপজেলার কৃষক সুবিধা পেয়েছেন। অর্থাৎ দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ঋণগ্রহীতা কৃষকেরা এই কর্মসূচির আওতায় এসেছেন।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষুদ্র ঋণের বোঝা কমাতে সরকারের এই উদ্যোগের আওতায় ১৪ লাখের বেশি কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় টিআইএনধারী করদাতা ৭২ হাজারের বেশি
এদিকে চুয়াডাঙ্গা জেলায় করদাতার সংখ্যা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলাটিতে টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন।
এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষে রিটার্ন দাখিল করেছেন ২১ হাজার ৫৬৭ জন।