আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এমন মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এসব কথা বলেন স্পিকার। তার বক্তব্যের কথা উল্লেখ করেছে বিবিসি উর্দু।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সক্রিয় ও উজ্জীবিত রাখার একটি প্রচেষ্টা। তবে আগামী ১০ বছরেও তার দেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বর্তমান সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তার দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।
বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, স্পিকার আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। ভারত সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।