
জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছে চীন। বেইজিং দুই দেশের মধ্যে সংসদীয় বিনিময় ও সমন্বিত কৌশলগত সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে।
চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি পাঠানো এক অভিনন্দন বার্তায় এ কথা জানানো হয়।
বার্তায় ঝাও হাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে নিবিড় সহযোগিতা বজায় রেখেছে।
ঝাও বলেন, চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে চীনের জাতীয় গণকংগ্রেস ও বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করা যায়। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সম্পৃক্ততা চীন ও বাংলাদেশের সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করতে সহায়তা করবে।