
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
এছাড়া তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১ টি প্রতিষ্ঠানের তথ্য সরবরাহের জন্যও আদেশ দেওয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলা তদন্ত সংস্থা সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, মো. আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত দেশিবিদেশী মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছে বলে জানা যায়।
উক্ত অর্থপাচারের ঘটনাটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনাগমন রোধসহ আবেদনে আবদুস সালাম ব্যাপারী ও মাহবুবুন্নেছার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা তথ্য সরবরাহের জন্য ২১ টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আদালতের আদেশ দান আবশ্যক।