সিরিয়ায় দীর্ঘদিনের সংঘাতের মধ্যে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের বাহিনী ও নিরাপত্তা সংস্থার হাতে ভয়াবহ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে শিশুরা। বিচারবহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেফতার, গুম এবং স্কুল ও হাসপাতালে হামলার ঘটনায় হাজারো শিশুর জীবন বিপর্যস্ত হয়েছে। এসব অপরাধের বিচার, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্ত শিশুদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে বিশেষজ্ঞরা বলেন, সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সিরিয়ার শিশুদের ওপর সংঘটিত পরিকল্পিত নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সনদ অনুযায়ী শিশুদের জীবন, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও আইনি পরিচয়ের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) নির্বাহী পরিচালক ফাদেল আবদুল গনি বলেন, ২০১১ সালের মার্চ থেকে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনীর পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার বেসামরিক জনগোষ্ঠীর মধ্যে শিশুরা অন্যতম।
তিনি জানান, সংস্থাটির নথি অনুযায়ী, আসাদ সরকারের বাহিনীর হাতে বিচারবহির্ভূতভাবে ২৩ হাজার ১৪৬ শিশু নিহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন বন্দিশিবিরে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরও ২২২ শিশু। তার মতে, এসব সংখ্যা যাচাই করা ঘটনার সর্বনিম্ন হিসাব।
শুক্রবার প্রকাশিত হালনাগাদ তথ্যে এসএনএইচআর জানায়, ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা বাহিনী ৩ হাজার ৭৩৬ শিশুকে গ্রেফতার ও গুম করেছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আবদুল গনি বলেন, নিখোঁজ ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে বা তিনি কোথায় আছেন, তা জানা না যাওয়া পর্যন্ত গুমের অপরাধ চলমান থাকে। ফলে নিখোঁজ শিশুদের পাশাপাশি তাদের পরিবারকেও দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।
সংস্থাটির তথ্যমতে, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে অন্তত ৫৬৬টি।
আবদুল গনি বলেন, এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়েছে। ফলে একটি পুরো প্রজন্ম নিরাপদে শিক্ষা গ্রহণ ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কিছু শিশুকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিল। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার জন্য স্বাধীন তদন্ত প্রয়োজন।
অনেক শিশুর মা-বাবা নিখোঁজ হওয়া এবং জন্মনিবন্ধনসহ নাগরিক নথি হারিয়ে যাওয়ায় তাদের বংশপরিচয় প্রমাণ ও জন্মনিবন্ধন করানো কঠিন হয়ে পড়েছে। নথিপত্র হারালেই কেউ রাষ্ট্রহীন হয়ে যায় না। তবে এর ফলে মৌলিক অধিকার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয়।
মানবাধিকার সংস্থার তৈরি তথ্যভান্ডার এসব অপরাধের প্রমাণ সংরক্ষণ, দায়ীদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আবদুল গনি।
বিশেষ করে ক্ষমতাচ্যুত সরকারের কাছ থেকে উদ্ধার করা নিরাপত্তা বাহিনী, সামরিক, বিচার বিভাগ ও বেসামরিক প্রশাসনের নথিপত্র নিখোঁজ শিশুদের সন্ধান এবং তাদের আটকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করতে পারে।
এসব নথি সংরক্ষণ, বন্দিশিবিরের রেকর্ড উন্মুক্ত করা এবং সিরিয়ার বিচার বিভাগ, জাতিসংঘের আন্তর্জাতিক, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তব্যবস্থা (আইআইআইএম) ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন আবদুল গনি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য সমন্বিত পুনর্বাসন কর্মসূচি প্রয়োজন। এসব কর্মসূচিতে শারীরিক ও মানসিক চিকিৎসা, হারানো নাগরিক নথি পুনরুদ্ধার, শিক্ষায় ফিরিয়ে আনা এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা রাখতে হবে।