সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অনিয়মের অভিযোগ উঠলে সার ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলার দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার-বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো সার ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গ করার কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছরের জুন মাস নাগাদ এটি চালু করার পরিকল্পনা রয়েছে। সিসিইউ চালুর পর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় এ সেবা নিতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০০টি দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না। একইভাবে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনাও বন্ধ হবে না। বর্তমান সরকার এ বিষয়গুলো নিশ্চিত করতে চায়।
সরকারি ভাতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন করতে হয়েছে এবং জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন থেকে ভাতা পেতে কাউকে কোনো অর্থ দিতে হবে না কিংবা কারও কাছে ধরনা দিতে হবে না। ভাতা পাওয়ার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ গ্রহণ করবেন, তাকেও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায়। জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠুসহ অনেকে।