সারা টেন্ডুলকার ও রাজবীর দেওল

শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ও বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের বিয়ের গুঞ্জন নিয়ে সম্প্রতি ভারতীয় বিনোদন ও ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছিল। তবে ভারতীয় গণমাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই। সারার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সারা ও রাজবীরের মধ্যে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। এমনকি তাদের কখনো দেখাও হয়নি।
বোম্বে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সারা টেন্ডুলকার বর্তমানে সিঙ্গেল এবং নিজের পেশাগত কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
সারার ঘনিষ্ঠ ওই সূত্রের ভাষ্য, এই গুঞ্জনের কোনো সত্যতা নেই। সারা ও রাজবীরের কখনো দেখাই হয়নি। সারা এখন নিজের কাজ নিয়ে মনোযোগী। এ ধরনের জল্পনা অপ্রয়োজনীয় ও বিরক্তিকর। এসব গুজবে সারা সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাবেন না; বরং নিজের শালীনতা ও মার্জিত অবস্থান বজায় রাখতে চান।
উল্লেখ্য, সারা টেন্ডুলকার কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও চিকিৎসক অঞ্জলি টেন্ডুলকারের মেয়ে। ভারতের পরিচিত ক্রীড়া পরিবারে জন্ম হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।
ফ্যাশন সেন্স, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ এবং নানা অনুষ্ঠানে উপস্থিতির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সারার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি প্রায়ই পাপারাজ্জিদের বাড়তি নজরদারি ও সামাজিক মাধ্যমের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।
অন্যদিকে, রাজবীর দেওল বলিউড অভিনেতা সানি দেওল ও পূজা দেওলের ছোট ছেলে। ১৯৯৪ সালের ১২ মে মুম্বাইয়ে জন্ম নেওয়া রাজবীর কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর নাতি এবং অভিনেতা করণ দেওলের ছোট ভাই।
অবনীশ এস. বরজাতিয়া পরিচালিত রোমান্টিক ড্রামা ‘দোনো’ (২০২৩) সিনেমার মাধ্যমে পালোমা ঢিলনের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয় রাজবীরের। ছবিটি ছিল দুজনেরই অভিনয়জগতে অভিষেক। অভিনয়ে আসার আগে যুক্তরাজ্যে থিয়েটারের ওপর প্রশিক্ষণ নেন রাজবীর। পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।