ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার হয়েছে জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। এতে প্রতিষ্ঠানটির প্রায় দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে চালকদের নাম, ঠিকানা, জন্মতারিখ ও ড্রাইভিং লাইসেন্স নম্বর।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে উবারের তৃতীয় পক্ষের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কস এআইয়ের সিস্টেমে সাইবার হামলা চালায় হ্যাকাররা। ওই হামলার মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ লগইনসংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়া হয়। পরে এসব তথ্য ব্যবহার করে উবারের তথ্যভান্ডারে প্রবেশ করে চালকদের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, আইওয়া-সহ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চলতি সপ্তাহে জমা দেওয়া নোটিশে উবার জানায়, গত ৯ অক্টোবর ফায়ারওয়ার্কস এআই তাদের সাইবার হামলার বিষয়টি অবহিত করে। এরপর থেকেই তথ্য ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের সতর্ক করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ফায়ারওয়ার্কস এআই এমন একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যার প্ল্যাটফর্ম ব্যবহার করে ডেভেলপাররা বিভিন্ন ওপেন-ওয়েট এআই মডেল ব্যবহারের সুযোগ পান। গত মাসে প্রতিষ্ঠানটি নিজেদের সিস্টেমে সাইবার হামলার বিষয়টি প্রকাশ করেছিল।
এ বিষয়ে টেকক্রাঞ্চকে দেওয়া বক্তব্যে উবারের এক মুখপাত্র জানান, তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কস এআইয়ের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের নোটিশ পাঠানো হচ্ছে। উবারের কিছু তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত ছিল বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ফায়ারওয়ার্কস এআইয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন উবারের ওই মুখপাত্র।
অন্যদিকে, ফায়ারওয়ার্কস জানিয়েছে, আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে পরিচালিত একটি সাইবার অপরাধী চক্র এই হামলার সঙ্গে জড়িত। তবে এখন পর্যন্ত কোনো পরিচিত হ্যাকার গোষ্ঠী উবারের চালকদের তথ্য চুরির দায় স্বীকার করেনি।
ব্যক্তিগত তথ্য চুরির এই ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের পরিচয় ও আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নাম, ঠিকানা, জন্মতারিখ ও ড্রাইভিং লাইসেন্স নম্বরের মতো সংবেদনশীল তথ্য অপব্যবহারের ঝুঁকি রয়েছে।