ছবি: সংগৃহীত

অধস্তন আদালতের বিচারকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা এবং নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে এজলাসের বিচারিক কার্যক্রম শেষ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির আদেশে সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সার্কুলারে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়া, এজলাসের সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিচারকার্য পরিচালনা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে আগেও বিভিন্ন সময়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে সম্প্রতি অধস্তন আদালতের অনেক বিচারক যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে অনেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগেই একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। এ ছাড়া কেউ কেউ নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম সমাপ্ত করা হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডের ফলে বিচারপ্রার্থী জনগণের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
সার্কুলারে বলা হয়েছে, বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট নিরসন এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আনতে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ লক্ষ্যে বিচার বিভাগের ভাবমূর্তি বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে বিচার বিভাগীয় কর্মকর্তাদের কয়েকটি নির্দেশনা পুনরায় অনুসরণের কথা বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পাশাপাশি সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে বিলম্ব করা যাবে না।
এ ছাড়া নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এবং এজলাসের পুরো সময় যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিচারিক কার্যক্রম শেষ করা যাবে না।
সার্কুলারে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘনের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা কিংবা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।