শীত মৌসুমে অনেকেই খাবারের তালিকায় রুটি রাখতে পছন্দ করেন। তবে প্রতিদিন গমের আটার রুটি খেতে একঘেয়েমি লাগতে পারে। তাই স্বাদে পরিবর্তন আনতে শীতকালে গমের আটার পাশাপাশি বাজরা, ভুট্টা, রাগি কিংবা জোয়ারের রুটি খাওয়ার প্রচলন রয়েছে।
এসব আটার নিজস্ব পুষ্টিগুণ খাবারের তালিকায় যেমন বৈচিত্র্য আনে, তেমনি রুটির স্বাদেও যোগ করে ভিন্নতা। তাহলে জেনে নেওয়া যাক, শীতকালে গমের আটা ছাড়াও কোন কোন আটার রুটি খেতে পারেন।
অধিকাংশ বাড়িতেই প্রতিদিনের খাবার হিসেবে গমের আটার রুটি তৈরি করা হয়। গমে গ্লুটেন থাকায় এই আটা সহজে মাখানো যায়। গমের আটা দিয়ে সহজেই রুটি কিংবা পরোটা তৈরি করা সম্ভব। যারা নরম রুটি খেতে পছন্দ করেন, তাদের জন্য এটি ভালো বিকল্প।
শীতকাল এলেই ভুট্টার আটার রুটি খেতে পছন্দ করেন অনেকে। ভুট্টার আটায় গমের আটার মতো আঠালো ভাব থাকে না। ফলে এ আটার রুটি বেলতে কিছুটা সমস্যা হতে পারে। এ কারণে অনেকেই বেলন দিয়ে না বেলে হাতের তালুর সাহায্যে চেপে চেপে রুটি তৈরি করেন।
ভুট্টার আটার রুটি খেতে বেশ সুস্বাদু। শাকসবজি, মাখন কিংবা গুড়ের সঙ্গে এটি খাওয়া যেতে পারে।
প্রতিদিনের একঘেয়ে খাবারের স্বাদ বদলাতে জোয়ারের আটার রুটিও খেতে পারেন। ফাইবারসমৃদ্ধ জোয়ারের আটা প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত। তবে এতে গমের আটার মতো আঠালো ভাব নেই। তাই জোয়ারের আটা মাখানোর সময় হালকা গরম পানি ব্যবহার করলে রুটি তৈরি করা সহজ হয়।
ক্যালসিয়াম, আয়রন ও ফাইবারের মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ রাগির আটা খাবারের তালিকায় নতুন বৈচিত্র্য আনতে পারে। গ্লুটেনমুক্ত এই আটার রুটির স্বাদও কিছুটা আলাদা।
রাগির আটা মাখানোর সময় সামান্য গরম পানি ব্যবহার করলে রুটি তৈরি করতে সুবিধা হয়। পছন্দ অনুযায়ী টকদই ও শাকসবজির সঙ্গে রাগির আটার রুটি খেতে পারেন।
শীতকালে খাবারের স্বাদে বৈচিত্র্য আনতে এসব আটার রুটি হতে পারে ভালো বিকল্প। তবে ব্যক্তির শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস ও পুষ্টির চাহিদা অনুযায়ী খাবার নির্বাচন করাই ভালো।