ফাইল ছবি

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি ঘিরে ইউরোপে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য এই বৈঠককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করার প্রক্রিয়ার সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। বিশেষ করে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের স্মৃতি সামনে এনে নতুন কোনো আন্তর্জাতিক সমঝোতার আশঙ্কা প্রকাশ করছেন ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতারা।
গত ৪ নভেম্বর মস্কোর রেড স্কয়ারের মানেজে একটি প্রদর্শনীতে স্কুলশিক্ষার্থীদের নিয়ে ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনের নেতাদের ভাস্কর্যের সামনে দাঁড়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের ভাস্কর্য ছিল।
পুতিন শিশুদের বলেন, তাঁরা ছিলেন তিনটি প্রধান শক্তির নেতা। যুদ্ধের পর বিশ্ব কীভাবে সংগঠিত হওয়া উচিত, তা নিয়ে আলোচনা করতেই একত্র হয়েছিলেন তাঁরা।
এবার পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ১৮ থেকে ১৯ নভেম্বর বৈঠক হওয়ার কথা রয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নিতে তিন নেতাই চীনের শেনজেনে অবস্থান করবেন।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস তিন নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে এ ধরনের বৈঠকের জন্য ক্রেমলিনের প্রস্তাবের খবর সামনে আসার পর থেকেই বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এই বৈঠক আয়োজনের আলোচনা অনেকের মনে করিয়ে দিচ্ছে কৃষ্ণসাগর উপকূলে রুশ জারদের সাবেক বাসস্থান ইয়াল্টায় অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে সেখানে হিটলারবিরোধী জোটের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন।
জার্মানির পরাজয়ের পর জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে সোভিয়েত নেতা স্ট্যালিনকে রাজি করান রুজভেল্ট ও চার্চিল। এর বিনিময়ে পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বলয়ের সম্প্রসারণ মেনে নেওয়া হয়। পাশাপাশি পূর্ব এশিয়া নিয়েও একটি গোপন চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী, দক্ষিণ সাখালিন ও কুরিল দ্বীপপুঞ্জ সোভিয়েত ইউনিয়নের অধিগ্রহণের বিষয়টি নির্ধারিত হয়। একই সঙ্গে চীনের পোর্ট আর্থারে সোভিয়েত সামরিক ঘাঁটি পুনরুদ্ধার এবং মাঞ্চুরিয়ায় সোভিয়েত ইউনিয়নের বিশেষ অর্থনৈতিক স্বার্থকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সময় থেকেই পূর্ব ইউরোপে পরাশক্তিগুলোর মধ্যে দর-কষাকষির প্রতীক হয়ে ওঠে ‘ইয়াল্টা’। ছোট দেশগুলোর মতামত উপেক্ষা করে বড় শক্তিগুলোর মাধ্যমে বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করার প্রক্রিয়া বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।
তিন নেতার সম্ভাব্য বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তিনি কোনোভাবেই চান না এই বৈঠক ‘ইয়াল্টা-২, ৩ বা ৪’-এ পরিণত হোক এবং পরাশক্তিগুলোর মধ্যে নতুন করে প্রভাব বলয় পুনর্বণ্টন করা হোক।
জেলেনস্কি আরও বলেন, আলাস্কার পর রুশ কর্মকর্তারা যেভাবে নতুন একটি ‘ইয়াল্টা’র প্রস্তাব দিচ্ছেন, ঘটনাপ্রবাহ সেদিকে এগোলে এটি রাশিয়ার দ্বিতীয় বড় কূটনৈতিক বিজয় হয়ে উঠতে পারে।
এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণে হতে হবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ।
তিনি বলেন, এই প্রক্রিয়ায় ইউরোপকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে এবং তারা সেই দায়িত্ব নিতে প্রস্তুত। নিষেধাজ্ঞা কিংবা নিরাপত্তা কাঠামো—শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইউরোপীয়দের উপস্থিতিতেই সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন হয়তো ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগ্রহী। তবে তিনি চান, যুদ্ধ শেষ হোক রাশিয়ার শর্ত অনুযায়ী। এ জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করতে পারেন তিনি। যদিও ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান, তা এখনো স্পষ্ট নয়।
রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, আলোচনার সম্ভাব্য বিষয়গুলোর কেবল প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। তাঁর মতে, কোনো না কোনোভাবে ইউক্রেন ইস্যু আলোচনায় আসতে পারে।
তবে সম্ভাব্য বৈঠকের এজেন্ডা নিয়ে ট্রাম্পের অবস্থান কিছুটা ভিন্ন। তিনি জানিয়েছেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে আগ্রহী হলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা তাঁর মূল উদ্দেশ্য নয়। বরং পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও চীনবিষয়ক বিশেষজ্ঞ জোসেফ তুরিগিয়ান মনে করেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় চীন সক্রিয়ভাবে জড়াতে চায় না। কারণ এতে এমন ধারণা তৈরি হতে পারে যে, বেইজিং এই সংঘাতে গভীরভাবে জড়িত।
তাঁর মতে, ইউরোপকে বাদ দিয়ে আলোচনায় অংশ নিলে চীনের বিরুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগ আরও জোরালো হতে পারে। এমন ধারণা এড়ানোর চেষ্টা করছে বেইজিং।
পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রেও চীনের কিছু আপত্তি রয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এর একটি কারণ হলো, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত চীনের তুলনায় অনেক বড়। অন্যদিকে নিজেদের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভান্ডারের প্রকৃত পরিমাণ গোপন রাখার মধ্যেও কৌশলগত সুবিধা দেখে বেইজিং।
এ ধরনের বৈঠকে রাশিয়ার স্বার্থ অবশ্য বেশ স্পষ্ট। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা থেকে ইউরোপকে দূরে রাখা ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে মস্কো যে বিচ্ছিন্ন নয়, তা আবারও প্রমাণ করতে চায় রাশিয়া।
অন্যদিকে ট্রাম্পের কাছেও এ ধরনের বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। জোসেফ তুরিগিয়ানের মতে, ট্রাম্প অন্য যেকোনো বিষয়ের চেয়ে বৈঠকটির আনুষ্ঠানিকতা ও রাজনৈতিক আবহ নিয়ে বেশি আগ্রহী। এর মাধ্যমে তিনি বলতে পারবেন, বিশ্বের বড় শক্তিগুলোকে একত্র করার উদ্যোগ নিয়েছেন এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন।
তবে এমন বৈঠক থেকে চীনের কী ধরনের সুবিধা হবে, তা এখনো স্পষ্ট নয়।
তুরিগিয়ান মনে করিয়ে দেন, ইয়াল্টা সম্মেলন শুধু পূর্ব ইউরোপের জন্য নয়, চীনের জন্যও একটি বেদনাদায়ক ঐতিহাসিক স্মৃতি। কারণ ওই সম্মেলনে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নেতারা চীনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলেন, যেখানে চীনের নিজস্ব কোনো প্রতিনিধিত্ব ছিল না।
জাপানের বিরুদ্ধে যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অংশগ্রহণের বিনিময়ে স্ট্যালিন মাঞ্চুরিয়ায় সোভিয়েত স্বার্থের স্বীকৃতিসহ বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছিলেন। এসব শর্ত জানার পর চীনা নেতারা ক্ষুব্ধ হয়েছিলেন।
তুরিগিয়ানের মতে, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টদের বিজয়ের পরও মাও জেদং সোভিয়েত দাবিগুলোকে দুই দেশের মধ্যে মতবিরোধের কারণ হিসেবে দেখেছিলেন। পরবর্তী সময়ে চীন ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের অবনতির পেছনেও এসব বিষয় ভূমিকা রেখেছিল।
পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বলয়ের সম্প্রসারণ কতটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ছিল, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে ১৯৪৫ সালের ফেব্রুয়ারির মধ্যে রেড আর্মি রোমানিয়া, বুলগেরিয়া এবং পোল্যান্ড, হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছিল।
বর্তমান পরিস্থিতি অবশ্য ১৯৪৫ সালের বাস্তবতা থেকে আলাদা। রুশ সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনের এমন কিছু এলাকাও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি, যেগুলোকে ক্রেমলিন রাশিয়ার অংশ বলে ঘোষণা করেছিল। তাছাড়া সম্ভাব্য বৈঠকে অংশ নিতে যাওয়া তিন নেতার মধ্যে কেবল একজন সরাসরি যুদ্ধে জড়িত।
জোসেফ তুরিগিয়ানের মতে, রাশিয়াই একমাত্র দেশ, যারা এখনো বিশ্বকে স্পষ্টভাবে প্রভাব বলয়ে ভাগ করার বিষয়ে আগ্রহী।
যদিও ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলে পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাববলয় হিসেবে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন এবং লাতিন আমেরিকায় চীনের উপস্থিতিও বেইজিংয়ের কাছে গুরুত্বপূর্ণ বিষয়।
রাশিয়া নিজেদের যুক্তরাষ্ট্র ও চীনের সমকক্ষ পরাশক্তি হিসেবে তুলে ধরতে চায়। চীনের সরকারি বিবৃতিতেও প্রায়ই রাশিয়াকে সমমর্যাদার দেশ হিসেবে উল্লেখ করা হয়।
তবে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্সিন কাজমারস্কির মতে, পর্দার আড়ালে চীনা বিশেষজ্ঞ ও নেতারা রাশিয়াকে সমান শক্তির দেশ হিসেবে বিবেচনা করেন না। তাঁদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যাকে চীন প্রকৃত সমকক্ষ হিসেবে দেখে।
কাজমারস্কি মনে করেন, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন বেইজিংয়ের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। একই সঙ্গে শি জিনপিংকে বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হবে। কারণ এতে বিশ্বের বড় শক্তিগুলোর নেতারা তাঁর সঙ্গে একই টেবিলে বসবেন।
তবে এমন বৈঠকের কারণে ইউরোপের সঙ্গে সম্পর্কের অবনতি হোক, তা চীন চায় না বলেও মনে করেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে চীনা অভিজাতদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে মনোভাব পরিবর্তিত হলেও প্রধান বাণিজ্য অংশীদার হিসেবে ইউরোপের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী বেইজিং।
অন্যদিকে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাজমারস্কির মতে, এখন বড় প্রশ্ন হলো, ট্রাম্পের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে চীন আদৌ আগ্রহী কি না।
২০০০-এর দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পূর্ব ইউরোপ সফরের সময় ইয়াল্টা চুক্তিগুলোকে ঐতিহাসিক অন্যায় হিসেবে উল্লেখ করেছিলেন। নিউইয়র্ক টাইমসের সে সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল, এসব বক্তব্যের অন্যতম প্রধান লক্ষ্য ছিলেন রুশ নেতা।
২৫ বছর পর পুতিন যদি যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের ইয়াল্টা সম্মেলনের আদলে একই টেবিলে বসাতে পারেন, তাহলে সেটি তাঁর জন্য একটি প্রতীকী কূটনৈতিক বিজয় হয়ে উঠতে পারে। এমনকি বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট সমঝোতা না এলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রতীকী গুরুত্ব থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।