আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম দক্ষ ও যোগ্য শিক্ষার্থী তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগাতে হবে।
রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-এন্যুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সি প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর শিক্ষা ও মেধা বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যথাযথ শিক্ষার মাধ্যমে অদৃশ্য সম্পদ থেকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছে। শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্যপ্রযুক্তি সংযোজনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদ এবং শিক্ষাখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।