ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মেসার্স এ এস এস ব্রিকসের মালিক মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং মেসার্স হারুন ব্রিকসের মালিক মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার সম্পূর্ণ ৭ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি। পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পানি দিয়ে ইটভাটার জ্বলন্ত আগুন নিভিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত ইটভাটা দুটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। আর অগ্নিনির্বাপণের দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।