হুথিরা এখন আরেকটি দ্বীপের দিকে এগোচ্ছে। সংগৃহীত ছবি

লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ যাকার দ্বীপ দখলে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দ্বীপটি দখলের সময় হুথি যোদ্ধারা ‘আমেরিকার মৃত্যু হোক, ইসরাইলের মৃত্যু হোক’ স্লোগান দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর স্থল অভিযান চালিয়ে যাকার দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুথি বাহিনী। একই সময়ে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকাতেও তাদের সামরিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার কৌশলগত গুরুত্বপূর্ণ মোখা বন্দরনগরী দখলে নেয় হুথিরা। ইয়েমেনের সরকারি বাহিনীর সামরিক সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। বাব আল-মান্দেব প্রণালি থেকে মোখা বন্দরনগরীর দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার।
যাকার দ্বীপের নিয়ন্ত্রণ হুথিদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই দ্বীপের কাছেই রয়েছে হানিশ দ্বীপপুঞ্জ ও বাব আল-মান্দেব প্রণালি। উপকূলীয় এলাকা ও আশপাশের দ্বীপগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়াতে পারলে গুরুত্বপূর্ণ এই নৌপথে চাপ সৃষ্টির সক্ষমতা হুথিদের আরও বাড়তে পারে।
রয়টার্স জানিয়েছে, হুথিরা ইতোমধ্যে হানিশ দ্বীপপুঞ্জের দিকেও অগ্রসর হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার হুথি বাহিনী স্লোগান দিতে দিতে মোখা বন্দরনগরীতে প্রবেশ করে।
হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় বাব আল-মান্দেব প্রণালি ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এই প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন বাজারে তেল ও অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রেও এই নৌপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এদিকে ইয়েমেনে গত কয়েক দিনের সংঘাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এএফপির সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সপ্তাহজুড়ে চলা সংঘাতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সশস্ত্র বাহিনীর সদস্য বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সংঘাতের কারণে প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
এর আগে কয়েক দিনের লড়াইয়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছিল এএফপি। ওই সময় শত শত পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সংঘাত আরও তীব্র হয়েছে। হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীও পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে।
যাকার দ্বীপ ও মোখা বন্দরনগরীর নিয়ন্ত্রণ নেওয়ার পর ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।