রাশিয়ার অটোমোবাইল ফেডারেশনের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন বা এফআইএর প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। বিশ্ব মোটরস্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থাটির নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে এই দাবি জানিয়েছে অটোমোবাইল ফেডারেশন অব ইউক্রেন (এফএইউ)।
বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, এফএইউ এরই মধ্যে এফআইএ সিনেট ও এফআইএ এথিক্স কমিটির কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা উত্তর পায়নি।
এফআইএর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সুলায়েমের কাছে পাঠানো এক চিঠিতে এফএইউ সভাপতি ওলেকসান্দর ফেল্ডম্যান রাশিয়ার এফআইএ সদস্যপদ স্থগিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ার ক্রীড়াবিদদের অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ পুনর্বহালের আহ্বান জানিয়েছেন তিনি।
চিঠিতে এফএইউর পক্ষ থেকে বলা হয়, এফআইএর বর্তমান অবস্থান একটি বিপজ্জনক নজির তৈরি করছে। এর ফলে সদস্য সংস্থাগুলো বিধিমালার বিভিন্ন বিধান ও নিয়মের বাধ্যবাধকতা উপেক্ষা করার সুযোগ পেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এর আগে গত মাসে এফআইএ রুশ ও বেলারুশিয়ান মোটরস্পোর্টস অংশগ্রহণকারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এর ফলে তারা নিজেদের জাতীয় পতাকা, প্রতীক ও জাতীয় সঙ্গীত ব্যবহার করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়।
এফআইএর এই সিদ্ধান্তের পর ইউক্রেনের যুব ও ক্রীড়ামন্ত্রী মাতভি বিদনি নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য নিয়ন্ত্রক সংস্থাটির কাছে আবেদন করেন। লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। তার দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞা আরোপের যে কারণগুলো ছিল, সেগুলো এখনো শেষ হয়নি।
বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ দিকে এফএইউ এফআইএ আপিল আদালতে একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করে।
অন্যদিকে এফআইএর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়ান অটোমোবাইল ফেডারেশন। তারা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, খেলাধুলা ও সংস্কৃতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। তাদের মতে, এই সিদ্ধান্ত ন্যায়বিচারের জয়।
এদিকে মোটরস্পোর্টসের বাইরে অলিম্পিক অঙ্গনেও রাশিয়াকে ঘিরে নিষেধাজ্ঞা নিয়ে ইউক্রেনের সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর মতবিরোধ দেখা যাচ্ছে।
এর আগে জুলাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়ান অলিম্পিক কমিটির ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। আইওসির কার্যনির্বাহী বোর্ড জানায়, ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটির এখতিয়ারাধীন এলাকার আঞ্চলিক ক্রীড়া সংস্থাগুলো আর রাশিয়ান অলিম্পিক কমিটির অন্তর্ভুক্ত নয়।
আইওসির এই সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করেছে ইউক্রেন। দেশটির দাবি, আইওসি যথাযথভাবে বিষয়টি যাচাই না করেই সিদ্ধান্ত নিয়েছে এবং ২০২৩ সালে রাশিয়ান অলিম্পিক কমিটির বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞার কারণগুলো সমাধান হয়েছে কি না, তা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক দিন পরই আইওসি রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। এখন বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনর্বহাল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।