ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ নভেম্বর) রাতভর চালানো এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অবকাঠামো, রেল যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুতে ইউক্রেনের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করার পরই এ হামলা চালানো হয়। চলমান যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে নিপ্রো নদীর ওপর নির্মিত তিনটি সেতু লক্ষ্য করে হামলা চালানো হয়। সেতুগুলো রাজধানীর দুই পাশের যোগাযোগ রক্ষা করে। হামলার সময় একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। নিরাপত্তার জন্য বাসিন্দারা মেট্রোরেল স্টেশনগুলোতে আশ্রয় নেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনজুড়ে জ্বালানি, সরবরাহব্যবস্থা ও রেল যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কিয়েভে ছয়জন এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের স্কনিলিভ রেলস্টেশনে দুজন নিহত হয়েছেন। হামলায় বিভিন্ন এলাকায় আরও অনেকে আহত হয়েছেন। কিয়েভের একটি পানি সরবরাহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের কয়েকটি এলাকায় পানির চাপ কমে যায়। পাশাপাশি রাজধানীর বিভিন্ন অংশ ও পশ্চিম ইউক্রেনের কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
চলতি বছরে যুদ্ধের সম্মুখসারিতে বড় ধরনের অগ্রগতি না থাকলেও আকাশপথে হামলা জোরদার করেছে দুই পক্ষই। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো, পরিবহন ও সরবরাহব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, এটি ছিল যুদ্ধের অন্যতম বৃহৎ হামলা। তাঁর অভিযোগ, পুতিন অত্যন্ত পরিকল্পিত ও প্রদর্শনমূলকভাবে এ হামলা চালিয়েছেন। সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে নিজেদের অক্ষমতা আড়াল করতে রাশিয়া মানুষের জীবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশিয়ার হামলার কৌশলকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে জেলেনস্কি আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক ঢেউয়ের মতো ছোড়া হচ্ছিল। প্রতিটি হামলার মধ্যে বিরতি ছিল মাত্র ২০ থেকে ৩০ মিনিট। তাঁর মতে, এভাবে ধারাবাহিক হামলা চালানোর ফলে উদ্ধারকাজ, আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত আরও কঠিন হয়ে পড়ে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় ছোড়া বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে বেশ কিছু হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স, এপি।