ছবি: সংগৃহীত

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’, ‘ধর ধর ধর, লীগ ধর; ধরে ধরে জেলে ভর’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ এবং ‘হৈ হৈ রই রই, ছাত্রলীগ গেল কই’।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, ৫ আগস্ট স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে বিভিন্ন সময়ে পরাজিত শক্তিরা সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় দীর্ঘ ১৭ বছর ধরে চলা অত্যাচার, নিপীড়ন ও বাসযোগ্যহীন পরিবেশ আবার ফিরে আসতে পারে। যারা দীর্ঘদিন সংগ্রাম করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, তাদের ওপর আর কোনো জুলুম হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন, তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরাও ধীরে ধীরে দেশ ছাড়বে। তিনি আরও বলেন, যারা নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সম্পদ লুটপাট ও ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ বলেন, বিগত সরকার গুম, খুনের মাধ্যমে মানুষের ভোটাধিকারসহ বিভিন্ন অধিকার কেড়ে নিয়েছিল। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশটির অর্থায়নে সন্ত্রাসীদের দিয়ে নাশকতা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কেউ বাসে আগুন দিলে বা দেশের সম্পদের ক্ষতি করলে তাদের আটক করে প্রশাসনের কাছে তুলে দেওয়ার আহ্বান জানান।