বাংলাদেশের সমাজ ঐতিহাসিকভাবে মধ্যপন্থি ও উদার। এ দেশের সংস্কৃতি, ধর্মীয় চর্চা ও সামাজিক ঐতিহ্যে সহনশীলতার দীর্ঘ ইতিহাস রয়েছে। বাউল, সুফি ও বৈষ্ণব সংস্কৃতির মধ্য দিয়ে মানুষ ধর্ম ও মানবিকতার চর্চা করেছে। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক পরিসরে ডানপন্থার উত্থান এবং অসহিষ্ণুতার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, আফগান জিহাদ এবং নাইন-ইলেভেন-পরবর্তী বিশ্বরাজনীতির প্রভাব কয়েক দশক ধরে বাংলাদেশের সমাজে পড়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। এর প্রভাবে দেশের রাজনৈতিক ভারসাম্য পরিবর্তিত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়, সংস্কৃতিকর্মী, ভিন্নমতাবলম্বী ও মধ্যপন্থি মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং পীর-মাজারপন্থিদের ওপর হামলার বিভিন্ন ঘটনা সামনে এসেছে। সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকে কেন্দ্র করে মব তৈরির ঘটনাও আলোচনায় এসেছে। বাউল ও মাজারপন্থিদের ওপর হামলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধার বিষয়টিও নিবন্ধে তুলে ধরা হয়েছে।
সাম্প্রতিক সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা এবং খুলনায় রেলস্টেশনের দেয়ালে আঁকা তাঁর চিত্রে কালি লাগানোর ঘটনাকে সমাজে অসহিষ্ণুতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার পাশাপাশি বর্তমান সরকারের আমলেও এসব ঘটনার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।
এ পরিস্থিতির জন্য বামপন্থিদের একটি অংশের রাজনৈতিক অবস্থান ও বিভক্তিকেও দায়ী করা হয়েছে। আওয়ামী লীগকে দীর্ঘদিন মন্দের ভালো হিসেবে বিবেচনা করা এবং পুরোনো আদর্শিক বিভাজনে আটকে থাকার কারণে বামপন্থিরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন বলে নিবন্ধে মত প্রকাশ করা হয়েছে।
ইরানের ১৯৭৯ সালের বিপ্লব এবং মিসরের ২০১২ সালের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে বাম ও উদারপন্থিদের সঙ্গে ডানপন্থি শক্তির রাজনৈতিক জোটের দীর্ঘমেয়াদি পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের নব্বইয়ের দশকের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন এবং ২০০৬ সালে খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তির প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।
নিবন্ধের শেষাংশে বলা হয়েছে, রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের আদর্শ, জাতীয়তাবাদী সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ন্যূনতম ভিত্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে সেই ঐক্য যেন অতীতের রাজনৈতিক অন্যায়, গুম-খুন, দুর্নীতি ও নির্বাচনী অনিয়মের বিচারকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সবশেষে লেখকের বক্তব্য, অতীতের রাজনৈতিক ভুল ও বিভাজন থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের মধ্যে নতুন ধরনের ঐক্য গড়ে তোলা প্রয়োজন। সেই ঐক্যের ভিত্তি হতে হবে মুক্তিযুদ্ধের চেতনা, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ।