ছবি: সংগৃহীত

টালিউডের খলনায়িকা হিসেবে পরিচিত অভিনেত্রী মানসী সেনগুপ্ত এবার রাজনীতিতে পা রেখেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় জনতা মজদুর সেলের (বিজেএমসি) দক্ষিণ ২৪ পরগনা জেলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।
রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করে মানসী জানিয়েছেন, পুরোনো সরকারের সমালোচনা বা বিতর্কে জড়িয়ে পরিচিত হতে চান না। বরং নিজের কাজের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হতে চান তিনি।
বিজেএমসিতে যোগ দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মানসী সেনগুপ্ত। তিনি জানান, আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত ছিলেন না এবং কোনো মিটিং-মিছিলেও অংশ নেননি। কারণ তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ রয়েছে।
অভিনেত্রী বলেন, সরকার কী করেছে বা কার কী ভুল ছিল—এসব বিতর্কে তিনি যেতে চান না। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি কিংবা বাকবিতণ্ডায়ও তার আগ্রহ নেই।
মানসী বলেন, মানুষের কীভাবে ভালো হবে, সেটিই তিনি গুরুত্ব দিয়ে দেখতে চান। সমালোচনার কারণে আলোচনায় আসার বদলে নিজের কাজের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হতে চান তিনি।
নতুন দায়িত্ব পাওয়ায় বিজেএমসির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন মানসী। সংগঠনটি তাকে নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞ এবং আগামী দিনে সংগঠনের নির্দেশনা অনুযায়ী কাজ করার কথা জানান।
এদিকে মানসী সেনগুপ্তের রাজনীতিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার নতুন পথচলার প্রশংসা করেছেন, আবার কেউ রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেছেন।
একজন নেটিজেন লিখেছেন, রাজনীতিতেও তিনি দাপটের সঙ্গে কাজ করবেন বলে আশা করেন। অন্য একজন লিখেছেন, মানসী এবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। আবার কেউ কেউ তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও করেছেন।
প্রসঙ্গত, ভারতীয় জনতা মজদুর সেল আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির সরাসরি সাংগঠনিক শাখা বা অনুমোদিত অঙ্গসংগঠন নয়। সংগঠনটি নিজেদের বিজেপি-সমর্থিত সংগঠন হিসেবে পরিচয় দেয়। বিজেপির স্বীকৃত শ্রমিক সংগঠন হিসেবে পরিচিত ভারতীয় মজদুর সংঘ।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন মানসী সেনগুপ্ত। মাসখানেক আগে তিনি নিজের ডিভোর্সের খবর প্রকাশ্যে জানান। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিজের কাছে রেখে তাদের বড় করছেন তিনি।
এর আগেও মানসীর দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা হয়েছিল। তবে সে সময় প্রথম সন্তান মেয়ের কথা বিবেচনা করে দুজনের মধ্যে বিষয়টি মিটে যায় বলে জানা যায়। পরবর্তীতে তিনি এক পুত্রসন্তানের মা হন।
সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ট্রলের মুখোমুখি হলেও এসব নেতিবাচকতাকে গুরুত্ব দেননি মানসী সেনগুপ্ত। প্রয়োজন হলে কড়া জবাব দিয়ে সমালোচকদেরও জবাব দিয়েছেন তিনি। এবার ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি রাজনীতিতে নতুন দায়িত্ব নিয়ে নতুনভাবে আলোচনায় এলেন এই অভিনেত্রী।