ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধের কোনো স্পষ্ট ইঙ্গিত না দিয়ে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য রেকর্ড সামরিক বাজেট অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর সর্বোচ্চ সামরিক ব্যয়ের এই বাজেটে জাতীয় প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৬০৬ বিলিয়ন ডলার। আগের তিন বছরের বাজেটের তুলনায় এই বরাদ্দ প্রায় ১২১ বিলিয়ন ডলার বেশি।
রাশিয়ার এই বিশাল সামরিক বরাদ্দ ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন বাজেট অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ দেশটির সামরিক ব্যয় বেড়ে প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২৮ সালের শেষে তা দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি ডলারে। আর ২০২৯ সালের শেষ নাগাদ সামরিক ব্যয় ১ লাখ ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
সামরিক ব্যয়ের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে খনি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ এবং নাগরিকদের বিনিয়োগ থেকে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুতিন সরকার। অন্যদিকে, বেসামরিক বিভিন্ন খাতে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন বাজেটে আবাসন ও জনসেবা খাতে ব্যয় ৮ শতাংশ, স্বাস্থ্যসেবায় ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ৬ শতাংশ কমানোর কথা বলা হয়েছে।
প্রায় পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর ক্রমাগত করের বোঝা বাড়াচ্ছে রুশ সরকার। এতে দেশটির অর্থনীতি ক্রমেই সামরিক ব্যয়নির্ভর হয়ে পড়ছে এবং বেসামরিক খাতগুলোও চাপের মুখে পড়ছে।
এদিকে, সামরিক ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় চলতি বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাসের চেয়ে অনেক বেশি হয়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা, উচ্চ সুদের হার, শ্রমিক সংকট এবং রাশিয়ার তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ইউক্রেনের হামলার কারণে দেশটির অর্থনীতি আরও চাপে পড়েছে।
রাশিয়ার নতুন সামরিক বাজেট অনুমোদনের সময়ই পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহেও পুতিনকে নিজের বন্ধু বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার রুশ নেতার প্রতি কিছুটা কঠোর অবস্থান প্রকাশ করেছেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানান তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় আমি অনেকটা সময় ব্যয় করেছি ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে তার সামরিক আগ্রাসন বন্ধের বিষয়ে কথা বলতে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি হতে পারে—সেই আশাতেই আমি তাকে এ আহ্বান জানিয়েছি।’
ট্রাম্পের বিশ্বাস, যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে পুতিনকে ইউরোপের কোন কোন ভূখণ্ডে সামরিক অভিযান বন্ধ করতে বলেছেন, তা স্পষ্ট করেননি তিনি। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধ চলতে থাকা ইউক্রেনের নামও সরাসরি উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।