ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন, পুড়ল দুটি সিট

নিজেস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জারিয়া-ময়মনসিংহ রেলপথের বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ট্রেনের দুটি সিট পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। দুই মিনিট পর রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

পরে রাত ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন।

গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, রাতের ট্রেনে যাত্রীর সংখ্যা খুব বেশি ছিল না। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ট্রেনে আগুন দিয়েছে। এতে বগির দুটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবুল কালাম বলেন, ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে শম্ভুগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই বগিতে আগুনের ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Kagojer patrika
  • জারিয়া লোকাল ট্রেন
  • ট্রেনে আগুন
  • নাশকতা
  • বিসকা রেলওয়ে স্টেশন
  • ময়মনসিংহ
  • রেলওয়ে