মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে অঞ্চলটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। রোববার (১৫ নভেম্বর) রণতরীটি মধ্যপ্রাচ্যে এসে পৌঁছায় বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এর ফলে অঞ্চলটিতে মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে।
সংবাদ সংস্থা এএফপি, ‘দ্য ন্যাশনাল নিউজ’ এবং এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে উপসাগরীয় অঞ্চল দীর্ঘদিন ধরে তীব্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে সংঘাত কিছুটা থমকে থাকলেও রোববার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইনে ড্রোন হামলার দাবি করে ইরান। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর উপসাগরীয় অঞ্চলে হামলার ঘটনা সামনে আসে।
এর আগে গত শুক্রবারও বাহরাইনের দিকে ড্রোন নিক্ষেপ করেছিল ইরান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশের ওপর এটিই ছিল প্রথম হামলা।
এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করল যুক্তরাষ্ট্র। তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের আগমনে ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি ও উপস্থিতি আরও বাড়ল।