
ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দুই দফা দীর্ঘ বৈঠকেও কোনো ঐকমত্য হয়নি। প্রস্তাব চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসবে নিম্নতম মজুরি বোর্ড। আগামীকাল মঙ্গলবার নতুন বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
চেয়ারম্যান জানান, মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবও আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে। উভয় পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি বলেন, মজুরি বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলের ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করেছে। বিশেষ করে ঢাকার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন কারখানা থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে।
মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে চেয়ারম্যান বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ায় আপাতত প্রস্তাবটি প্রকাশ করা যাচ্ছে না। মজুরি বোর্ডের সুপারিশ এবং সরকার যে মজুরি নির্ধারণ করবে, তা চূড়ান্তভাবে মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ বিবেচনা করেই মজুরি বোর্ড সিদ্ধান্ত নেবে। দেশের বর্তমান বাস্তবতা এবং শ্রম আইন অনুযায়ী সব বিষয় বিবেচনায় নেওয়া হবে। বাজারমূল্য, শ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের সক্ষমতা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পাবে।
এদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব তাদের কাছে যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি মজুরি বোর্ডের এখতিয়ারভুক্ত। তাই উৎপাদন বন্ধ রাখার পক্ষে তারা নন। শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে।
অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন শ্রমিকপক্ষের কাছে মজুরি প্রস্তাব কম মনে হওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, একটি হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও তার কাছ থেকে সোনার ডিম আশা করা যায় কি না, সেটিও বিবেচনা করতে হবে।
এখন শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা এবং মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।