
জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ঢাকাসহ দেশের ১৪টি এলাকার একটি করে ওয়ার্ডে একযোগে এ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ভোলার চরফ্যাশন উপজেলা হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাউছার এবং চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৮৮টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। এ সময় কার্ড পেয়ে পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেন।
কার্ড বিতরণ সভায় প্রধান অতিথি নুরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচনের আগে দেশনায়ক তারেক রহমান দেশ ও জাতি গঠনে ৩১ দফা বাস্তবায়নের যে রুপ রেখা দিয়েছিলেন, রাষ্ট্র নায়কের দায়িত্ব প্রাপ্তির পর এখন তা বাস্তবায়ন শুরু করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ন্যায়-নীতিপরায়তার এক ইনসাফের বাংলাদেশ। এজন্য দলমত নির্বিশেষে জনগণের সহযোগিতার কোনো বিকল্প নেই। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।