দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি হয়ে পড়েছে। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ আদায়ের সম্ভাবনা অনিশ্চিত। খেলাপি ঋণের মাত্র ১০ শতাংশ স্বাভাবিক ঋণঝুঁকির কারণে সৃষ্টি হলেও বাকি অংশের পেছনে দুর্নীতি, জালিয়াতি, অনিয়ম ও অপরাধপ্রবণতা জড়িত বলে উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।
খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোতে প্রভিশন ও মূলধন ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এতে ব্যাংক খাতের সংকট আরও গভীর হচ্ছে। অন্যদিকে, খেলাপি ঋণের দায় বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ভালো ব্যবসায়ী ও আর্থিকভাবে সক্ষম ব্যাংকগুলোকে।
শনিবার রাজধানীতে নলেজ হাব ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি ও নীতি পর্যালোচনা জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন।
সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা সহকারী নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক ড. শাহ মো. আহসান হাবিবসহ প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে ব্যাংক খাতের সংকট মোকাবিলায় বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীন ঋণ পর্যালোচনা এবং ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে যেসব ব্যাংক পুনরুদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো অবসায়নের সুপারিশ করা হয়েছে।
পাশাপাশি ব্যাংক খাতে বিতরণ করা ঋণের নগদ আদায়, মূলধন পরিস্থিতি ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি এখন প্রকট আকার ধারণ করেছে। মূলধন পরিস্থিতি ইতিবাচক অবস্থা থেকে ঋণাত্মক পর্যায়ে নেমে গেছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর সার্বিক মূলধন পরিস্থিতি ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। অথচ ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে কমপক্ষে ১০ শতাংশ মূলধন রাখার কথা।
এ ছাড়া প্রয়োজনের তুলনায় ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। মোট ঋণের মাত্র ৪৪ দশমিক ৮০ শতাংশের বিপরীতে প্রভিশন রয়েছে। বাকি ৫৩ শতাংশের বেশি ঋণের বিপরীতে কোনো প্রভিশন নেই। ফলে ব্যাংকগুলোর আর্থিক ঝুঁকি আরও বেড়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।
চলতি বছরের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। অর্থাৎ ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি। প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণ হিসেবে চিহ্নিত। এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা অনিশ্চিত।
অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। আগামী মার্চের মধ্যেই অতি দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নেওয়া জরুরি।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে অর্থের জোগান দেওয়ার প্রধান মাধ্যম ব্যাংক। বাংলাদেশে ব্যাংকনির্ভর আর্থিক ব্যবস্থা গড়ে ওঠায় ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়লে অর্থনীতির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়া স্বাভাবিক। অর্থনীতির চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো অর্থের জোগান দিতে না পারলে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান মূলধন দিয়ে ব্যাংক খাতের বড় ধরনের সংকট মোকাবিলা করাও কঠিন।
গবেষণা পরিচালক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক ও উদ্বেগজনক। এর পাশাপাশি ব্যাংকগুলোর সামগ্রিক মূলধন পরিস্থিতি ঋণাত্মক হয়ে পড়েছে। ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দিতে যে পরিমাণ মূলধন প্রয়োজন, সেখানেও বড় ঘাটতি রয়েছে।
তিনি বলেন, খেলাপি ঋণের প্রায় ১০ শতাংশ স্বাভাবিক ঋণঝুঁকির কারণে সৃষ্টি হতে পারে। তবে বাকি ঋণের বড় অংশের পেছনে পরিচালনাগত ঝুঁকি, অনিয়ম, জালিয়াতি ও অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত। এসব সমস্যা শুধু ব্যাংকের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ড. শাহ মো. আহসান হাবিব আরও বলেন, খেলাপি ঋণের বড় একটি অংশ ইচ্ছাকৃত খেলাপিদের কারণে সৃষ্টি হয়েছে। এসব ঋণের দায় বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ভালো ব্যবসায়ী ও ভালো ব্যাংকগুলোকে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকেও ইচ্ছাকৃত ঋণখেলাপিদের দায় বহন করতে হচ্ছে।