বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (বৈছাআ) যুক্ত হওয়াকে জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি বলে মন্তব্য করেছেন সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রিংকু আক্তার। একই সঙ্গে সংগঠনের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডি ‘Rinku Akter’ থেকে লাইভে এসে এ ঘোষণা দেন রিংকু। ৮ মিনিট ৫৩ সেকেন্ডের ওই লাইভে সংগঠন ছাড়ার সিদ্ধান্তের কারণ তুলে ধরেন তিনি।
ফেসবুক লাইভে বৈছাআর চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনটির সব কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানান তিনি।
লাইভে রিংকু আক্তার বলেন, ‘আমি কখনো কারও ক্ষতি করিনি, বরং সবসময় মানুষের পাশে থাকতে চেয়েছি। আজ মনে হচ্ছে, এ প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আমি কখনো এনসিপি করতে চাইনি। কারও প্রতি বিদ্বেষ থেকে নয়, নিজের মানসিক শান্তির জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে বৈষম্যবিরোধী সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আমি কখনো এনসিপি করতে চাইনি, কখনো করবও না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমি এনসিপির নেত্রী নই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম।’
নিজের ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে রিংকু বলেন, ‘আমি একজন মেয়ে, আমার সংসার আছে। আমি নোংরা রাজনীতিতে জড়াতে চাই না। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেব।’
তবে ঠিক কী কারণে সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে ফেসবুক লাইভে বিস্তারিত কিছু জানাননি তিনি।