বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় আবারও গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমেদ আত-তাইয়েব। ২০২৬ সালের ‘The Muslim 500: The World's 500 Most Influential Muslims’ তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছেন তিনি। জ্ঞান, প্রজ্ঞা, নৈতিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য বিশ্বজুড়ে পরিচিত এই ইসলামি চিন্তাবিদ।
১৯৪৬ সালের ৬ জানুয়ারি মিশরের ঐতিহাসিক লুক্সর অঞ্চলের আল-কুরনা গ্রামে জন্মগ্রহণ করেন ড. আহমেদ আত-তাইয়েব। ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক সাধনায় সমৃদ্ধ পারিবারিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা। শৈশব থেকেই পবিত্র কোরআন ও ইসলামি জ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহ তাঁকে নিয়ে যায় বিশ্বের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে।
১৯৬৯ সালে আল-আজহারের উসুলুদ্দিন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর ১৯৭১ সালে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে ইসলামি দর্শনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ইসলামি ঐতিহ্যের গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি আধুনিক বিশ্বের দর্শন, চিন্তাধারা ও বাস্তবতা অনুধাবনের বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা এবং আরবি ও ফরাসি ভাষায় দক্ষতা তাঁর চিন্তাজগৎকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করেছে। ধর্মীয় ঐতিহ্যকে তিনি শুধু অতীতের স্মারক হিসেবে নয়, বরং সমকালীন বিশ্বের সংকট মোকাবিলার গুরুত্বপূর্ণ প্রজ্ঞা হিসেবে বিবেচনা করেন।
দীর্ঘ অধ্যাপনা ও গবেষণার পথ পেরিয়ে ২০০১ সালে মিশরের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন ড. আহমেদ আত-তাইয়েব। ২০০৩ সালে দায়িত্ব গ্রহণ করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে। পরবর্তী সময়ে ২০১০ সালের ১৯ মার্চ তিনি আল-আজহারের ৪৮তম গ্র্যান্ড ইমাম বা শাইখুল আজহারের দায়িত্ব গ্রহণ করেন।
এক সহস্রাব্দেরও বেশি সময়ের ঐতিহ্য বহনকারী আল-আজহারের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বিশ্ব ইসলামি চিন্তাঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন।
ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তাঁর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য। তিনি বিভিন্ন সময়ে তুলে ধরেছেন, ইসলামের প্রকৃত শিক্ষা হলো ন্যায়বিচার, দয়া, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থান। তাঁর মতে, অজ্ঞতা ও বিকৃত ধর্মীয় ব্যাখ্যার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হচ্ছে জ্ঞান, শিক্ষা ও প্রজ্ঞার বিকাশ।
আন্তধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায়ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি। ২০১৯ সালে আবুধাবিতে ক্যাথলিক চার্চের তৎকালীন প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে ‘ডকুমেন্ট অন হিউম্যান ফ্র্যাটারনিটি’ স্বাক্ষর করেন ড. আহমেদ আত-তাইয়েব। বিশ্বশান্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক সহাবস্থানের ক্ষেত্রে এই দলিলকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।
ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও মানুষের মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা তুলে ধরে দলিলটি। এ ছাড়া মুসলিম কাউন্সিল অব এল্ডার্সের সভাপতির দায়িত্ব পালন করেও বিশ্বব্যাপী সংলাপ, সম্প্রীতি ও মধ্যপন্থার প্রসারে কাজ করছেন তিনি।
তাঁর আন্তর্জাতিক প্রভাব ও গ্রহণযোগ্যতার আরেকটি স্বীকৃতি এসেছে ২০২৬ সালের ‘The Muslim 500’ প্রকাশনায়। বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছেন তিনি। শীর্ষ দশে তাঁর এই অবস্থান জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধনির্ভর ধর্মীয় নেতৃত্বের আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরে।
আশি বছরে পদার্পণ করা ড. আহমেদ আত-তাইয়েব বর্তমানে শুধু আল-আজহারের সর্বোচ্চ ধর্মীয় নেতা নন, সমকালীন মুসলিম বিশ্বের একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ও নৈতিক কণ্ঠস্বর। বিভক্ত পৃথিবীতে তিনি সংলাপের কথা বলেন, সংঘাতের পরিবর্তে সহাবস্থানের আহ্বান জানান এবং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদাকে গুরুত্ব দেন।
বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তাঁর ষষ্ঠ অবস্থান দীর্ঘদিনের জ্ঞানচর্চা, নৈতিক নেতৃত্ব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর জীবন ও কর্ম মনে করিয়ে দেয়, প্রকৃত নেতৃত্বের উচ্চতা শুধু ক্ষমতার আসনে নির্ধারিত হয় না; বরং মানুষের কল্যাণে জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার মধ্যেই নেতৃত্বের প্রকৃত সার্থকতা।