অটোমোবাইল শিল্পে নতুন ইতিহাস গড়েছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং। প্রতিষ্ঠানটির ইউ৯ এক্সট্রিম মডেলের গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৫০৩ দশমিক ১৭ কিলোমিটার গতিতে ছুটে বিশ্বের দ্রুততম প্রোডাকশন কারের রেকর্ড গড়েছে। একই সঙ্গে গাড়িটি অর্জন করেছে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ আন্তর্জাতিক সড়কে এই রেকর্ড গড়ে গাড়িটি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো প্রোডাকশন কার ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতির মাইলফলক অতিক্রম করল।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জার্মানিতে একই গাড়ি ঘণ্টায় ৪৯৬ দশমিক ২২ কিলোমিটার গতিতে ছুটে রেকর্ড গড়েছিল। এবার নিজেদের আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে ইউ৯ এক্সট্রিম।
গাড়িটি দুই দফায় চালান পেশাদার রেসিংচালক মার্ক বাসেং। এবারের অর্জনের মাধ্যমে একমুখী যাত্রায় সর্বোচ্চ গতির প্রোডাকশন কার এবং বৈদ্যুতিক প্রোডাকশন কারের রেকর্ড গড়েছে মডেলটি। এই অর্জন আন্তর্জাতিক মোটরস্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ল'অটোমোবাইলের (এফআইএ) স্বীকৃতিও পেয়েছে।
ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিমে রয়েছে চারটি স্বতন্ত্র বৈদ্যুতিক মোটর, যা সম্মিলিতভাবে তিন হাজারের বেশি হর্সপাওয়ার উৎপাদন করতে পারে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১ হাজার ২০০ ভোল্টের প্ল্যাটফর্ম এবং বিওয়াইডির ব্লেড ব্যাটারি প্রযুক্তি।
উচ্চ গতিতে চলার সময় ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি গাড়িটির পারফরম্যান্স ধরে রাখতে বিশেষ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে রয়েছে ইফোর প্ল্যাটফর্ম, যার মাধ্যমে চারটি চাকার শক্তি আলাদাভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ফলে অতিরিক্ত গতিতেও গাড়ির ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখা যায়।
নতুন বিশ্বরেকর্ড প্রসঙ্গে বিওয়াইডির নির্বাহী সহসভাপতি স্টেলা লি বলেন, জার্মানিতে আগের বিশ্বরেকর্ড গড়ার পর গাড়িটির সক্ষমতা আরও বাড়াতে প্রকৌশলীরা কয়েক ধাপে কাজ করেছেন। নতুন রেকর্ড সেই ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিমের এই অর্জন বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিগত সক্ষমতাকে বাস্তবে তুলে ধরেছে। ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতির রেকর্ড প্রমাণ করে, বৈদ্যুতিক গাড়ির মোটর, ব্যাটারি ও নির্মাণপ্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, গাড়িশিল্পে প্রযুক্তির এই উন্নয়ন বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করছে। পাশাপাশি সাধারণ ক্রেতাদের কাছেও বৈদ্যুতিক গাড়িকে আরও গ্রহণযোগ্য করে তুলতে ভূমিকা রাখবে।
ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিমের এই রেকর্ড বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ প্রযুক্তি ও উচ্চগতির সক্ষমতা নিয়ে বিশ্ব অটোমোবাইল শিল্পে নতুন আলোচনার জন্ম দিয়েছে।